জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। ঘোষণা আগেই হয়েছিল এবার স্লট পেল এই নতুন মেগা। কবে থেকে আসছে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা', কখন দেখা যাবে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এনে ঘোষণা করা হয় শুরুর দিনক্ষণ। স্বস্তিকা ঘোষ, সৌম্যদীপ মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি আগামী ১ জুন থেকে শুরু হবে। সোমবার থেকে সন্ধ্যা ৭ টা থেকে দেখা যাবে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। এই ধারাবাহিকের স্লট ঘোষণা হতেই খুশি দর্শকরা। বিশেষ করে সৌম্যদীপের অনুরাগীরা। 

প্রসঙ্গত, সৌম্যদীপ মুখোপাধ্যায়কে দর্শক শেষবার 'জগদ্ধাত্রী' ধারাবাহিকে দেখেছেন। এক সময় টানা টিআরপি টপার থেকেছে এই ধারাবাহিক। এমনকী শেষ হওয়ার আগে পর্যন্তও সেরা ১০ এ আকছার জায়গা ধরে রাখত। আর সেই ধারাবাহিকও সন্ধ্যা ৭ টায় সম্প্রচারিত হতো। সৌম্যদীপের নতুন ধারাবাহিকও একই সময় আসছে। 

'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকে সৌম্যদীপের চরিত্রের নাম রাজা। তার সঙ্গে স্বস্তিকা ঘোষের চরিত্রের কী করে মিল হয়, কীভাবে তারা কাছাকাছি আসে সেটাই এখন দেখার। 

 

'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকে ফুটে উঠবে কোন গল্প? একেবারে ভিন্ন স্বাদের গল্প বলবে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। একা মেয়ের সংগ্রামের কাহিনি দেখতে পাবে দর্শকেরা। পুত্র সন্তানের জন্ম দিতে পারেনি বলে স্বামী তাকে ও তার তিন মেয়েকে ছেড়ে চলে যায়। একাই ভাতের হোটেল চালিয়ে মেয়েদের বড় করে তোলে অন্নপূর্ণা। সমাজের এত বাধা পেরিয়ে জীবনযুদ্ধে জয়ী। গল্পে 'অন্নপূর্ণা'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর এক মেয়ের চরিত্রে থাকবেন স্বস্তিকা ঘোষ, অন্য এক মেয়ের চরিত্রে ইপ্সিতা মুখোপাধ্যায়। তৃতীয়জন সম্ভবত নতুন মুখ।

'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকে স্বস্তিকার চরিত্রের নাম স্নেহা। সে কালেক্টর হতে চায়। স্বস্তিকার দিদির চরিত্রে দেখা যাবে ইপ্সিতা মুখোপাধ্যায়কে। তার হাতের রান্না নাকি তার মায়ের মতোই ভাল। সেই রান্নার ঘ্রাণে বহু মানুষ এই দোকানে ছুটে আসেন। ইপ্সিতার চরিত্রের নাম সাথী। আর অন্নপূর্ণা অর্থাৎ সোমা বন্দ্যোপাধ্যায়ের অনস্ক্রিন ছোট মেয়ের নাম সোমা। সে খেলাধুলায় চ্যাম্পিয়ন। বাবা নেই বলে মেয়েদের মানুষ করতে বিন্দুমাত্র ফাঁক রাখেনি অন্নপূর্ণা। এই চার নারীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হবে অন্নপূর্ণার লক্ষ্মীরা ধারাবাহিক। 

তবে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'র আগমনে কুসুম শেষ হচ্ছে না স্লট বদলাচ্ছে সেটা এখনও স্পষ্ট নয়। এই উত্তর আগামীতে পাওয়া যাবে।