দুর্গাবতীকে যে অন্নপূর্ণার মেজ মেয়ে স্নেহা একদমই পছন্দ করে না সেই কথা আগেই জানা গিয়েছে। এবার আর আড়ালে নিন্দে মন্দ করা নয়, মহাজনের মুখোমুখি হল নায়িকা। কিন্তু কেন? 

 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা গিয়েছে সারদা আর তার বরের কারণে সংঘাত বাঁধতে চলেছে দুর্গাবতী আর স্নেহার! কিন্তু কেন? মহাজনের অপছন্দ জেনেও সারদা লুকিয়ে তার বরের সঙ্গে দেখা করেছে। কিন্তু লুকাতে চাইলেও পারে না। ধরা পড়ে যায়। তাদের এই ঘনিষ্ঠতা দেখে ফেলে দুর্গাবতী। 

 

দুর্গাবতীর দাপট এমন যে তার অপছন্দের কোনও কাজ কেউ করার সাহস দেখায় না। এদিকে তার বারণ না শুনে সারদা বরের সঙ্গে দেখা করায় মেনে নিতে পারেনি। সারদাকে সে মারতে উদ্ধত হলে সেখানে হাজির হয় স্নেহা। মুখোমুখি দাঁড়ায় মহাজন দুর্গাবতীর। তার হাত ধরে, সারদাকে মার খাওয়ার হাত থেকে বাঁচায়।

 

স্নেহার এই আস্পর্ধা দেখে ক্ষেপে যায় দুর্গাবতী। আবারও চিৎকার করে ওঠে, সাহস নিয়ে প্রশ্ন তোলে। এবার যে সেয়ানে সেয়ানে টক্কর হতে চলেছে সেটা স্পষ্ট। দুর্গাবতীর তেজ, দাপটকে যে কড়া টক্কর দেবে সেটা ঝলকেই স্পষ্ট।  

 

অন্যদিকে দুর্গাবতী আর স্নেহার এই সংঘাত গোটাটাই আড়ালে দাঁড়িয়ে দেখে রাজা। এখন এটাই দেখার পালা স্নেহা, দুর্গাবতীর এই প্রথম সংঘাত কোন পর্যায় গিয়ে দাঁড়ায়। আর এমন অবস্থায় কীভাবেই বা কাছে আসে রাজা, স্নেহা।

 

প্রসঙ্গত, গল্পে সম্প্রতি দেখানো হয়েছে, রাজা অন্নপূর্ণার পাইস হোটেলে এসেছে। এখানে এসেই স্নেহাকে খুঁজতে থাকে সে। কিন্তু দেখা পায় না। পরবর্তীতে স্নেহা হম্বিতম্বি করতে করতে হোটেলে আসে। দুর্গাবতীর নামে ক্ষোভ উগরে দেয়। জানায় সে নাকি রাক্ষসী। নিজের মেয়ের জীবন নষ্ট করে দিয়েও শুধরাননি বলেই দাবি করে স্নেহা। এদিকে নিজের মায়ের নামে এসব শুনে স্থির থাকতে পারে না রাজা। সেই চিৎকার করে ওঠে। এবার মায়ের এই রূপ দেখে সে কোন পক্ষ নেয় সেটাই দেখার। 

 

জি বাংলায় সদ্য শুরু হয়েছে ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। এই গল্পে মুখ্য চরিত্রে রয়েছেন সোমা ব্যানার্জি। আর সোমার তিন মেয়ের মধ্যে মেজমেয়ে 'স্নেহা'র চরিত্রে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। অন্যদিকে, স্বস্তিকার নায়ক অর্থাৎ 'রাজা'র চরিত্রে দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জিকে। অল্পদিনেই স্বস্তিকা ও সৌম্যদীপের জুটিকে দর্শক বেশ পছন্দ করেছেন। এই ধারাবাহিক প্রতিটি সন্ধ্যা ৭ টা থেকে দেখা যায় উক্ত চ্যানেলে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে ইপ্সিতা মুখোপাধ্যায়, প্রিয়দর্শিনী বসাক, দেবেশ রায়চৌধুরী, মধুরিমা গোস্বামী, প্রমুখ। স্নেহা এবং দুর্গাবতীর মুখোমুখি হওয়ার এই বিশেষ পর্বটি দেখানো হবে ১৭ এবং ১৮ জুন।