জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। এদিন প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে এই ধারাবাহিকে অন্নপূর্ণার পাশাপাশি তার তিন মেয়ের কোন রূপ কোন গল্প ফুটে উঠবে তারই ঝলক। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে আনা 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে, অন্নপূর্ণার পাইস হোটেলে খেতে এসে দুই ব্যক্তি আলোচনা করছে জায়গা, জমি, সম্পত্তি নিয়ে। তাতে এক ব্যক্তি বলেন তার বোন নাকি তাদের বাবার সম্পত্তিতে ভাগ চাইছে। জবাবে আরও এক ব্যক্তি বলেন, বাবার সম্পত্তিতে নাকি মেয়েদের ভাগ হয় না। আর সেই সময়ই মাছ ভাতের থালা হাতে সেখানে এন্ট্রি নেয় স্বস্তিকা। সে পাল্টা জবাব দিয়ে জানায় সাকশেসন অ্যাক্ট অনুযায়ী মেয়েদের বাবার জায়গা জমিতে অধিকার আছে। তার এই কথা শুনে অবাক হয়ে যায় সকলে। জানতে চায় ভাত বাড়তে বাড়তে এসব শিখল, জানল কখন? তারপর জানা যায় সে অন্নপূর্ণার মেজ মেয়ে, স্নেহা। সে পড়াশোনায় তুখোড়। সবসময় ফার্স্ট হয়। কালেক্টর হতে চায়। সমাজ থেকে দুর্নীতি শেষ করতে চায়। 

স্বস্তিকার দিদির চরিত্রে দেখা যাবে ইপ্সিতা মুখোপাধ্যায়কে। তার হাতের রান্না নাকি তার মায়ের মতোই ভাল। সেই রান্নার ঘ্রাণে বহু মানুষ এই দোকানে ছুটে আসেন। ইপ্সিতার চরিত্রের নাম সাথী। আর অন্নপূর্ণা অর্থাৎ সোমা বন্দ্যোপাধ্যায়ের অনস্ক্রিন ছোট মেয়ের নাম সোমা। সে খেলাধুলায় চ্যাম্পিয়ন। বাবা নেই বলে মেয়েদের মানুষ করতে বিন্দুমাত্র ফাঁক রাখেনি অন্নপূর্ণা। এই চার নারীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হবে অন্নপূর্ণার লক্ষ্মীরা ধারাবাহিক। 

?igsh=dGlib244cm9rcTdo

তবে এখনও পর্যন্ত জানানো হয়নি কোন ধারাবাহিকের জায়গায় আসছেন 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। কবে থেকেই বা এর পথ চলা শুরু হবে। প্রসঙ্গত জি বাংলার দুই ধারাবাহিক 'কনে দেখা আলো' এবং 'ভোলে বাবা পার করেগা' হঠাৎ করে শেষ হয়ে যাওয়ায় এই চ্যানেলের স্লটে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এবার এই নতুন ধারাবাহিকের আগমনে কী ঘটে সেটাই দেখার।