এসবকিছুই আসলে বাস্তবে নয়, ঘটেছে টেলিভিশনের পর্দায়। জি বাংলায় সদ্য শুরু হয়েছে ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। এই গল্পে মুখ্য চরিত্রে রয়েছেন সোমা ব্যানার্জি। আর সোমার তিন মেয়ের মধ্যে মেজমেয়ে 'স্নেহা'র চরিত্রে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। অন্যদিকে, স্বস্তিকার নায়ক অর্থাৎ 'রাজা'র চরিত্রে দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জিকে। অল্পদিনেই স্বস্তিকা ও সৌম্যদীপের জুটিকে দর্শক বেশ পছন্দ করেছেন। গল্পে দেখা যাচ্ছে স্নেহাকে দেখে পছন্দ হয়েছে রাজার। স্নেহার স্বভাব, তার তেজ দেখে একপ্রকার যেন তাকে চোখে হারাচ্ছে রাজা।
সম্প্রতি, ধারাবাহিকের নতুন প্রোমো এসেছে। সেখানে দেখা যাচ্ছে, রাজার মা তার বিয়ের জন্য মেয়ে পছন্দ করে। মন্দিরে সেই মেয়ের সঙ্গে দেখা করানোর জন্য রাজাকে তার মা ডেকে পাঠায়। আর রাজা মন্দিরে আসতেই চোখ যায় স্নেহার দিকে। কারণ, সে-ও এসেছে ভগবানের কাছে নিজের প্রার্থনা নিয়ে।
স্নেহার দিকে যখন রাজা একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই সামনে আসে তার মায়ের পছন্দ করা মেয়েটি। আর রাজা হাত দিয়ে স্নেহার দিকে ইশারা করে বলে সে এই মেয়েকেই তার মায়ের পুত্রবধূ করে নিয়ে যেতে চায়। কিন্তু পিছন থেকে রাজার ইশারা বুঝতে পারে না তার মা। ভাবে, তার পছন্দ করা মেয়েকেই বোধহয় ছেলের মনে ধরেছে।
এবার কী হতে চলেছে ধারাবাহিকের নতুন মোড়ে? রাজা কি পারবে স্নেহাকে নিজের মনের কথা বলতে? আর মায়ের অমতে গিয়ে কি স্নেহাকে বাড়ির বউ করে আনতে পারবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। আপাতত টিআরপিতে একটু একটু করে নম্বর তুলছে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। এই নতুন মোড় রেটিং চার্টে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।















