সম্প্রতি খবর পাওয়া যায়, ডান্স বাংলা ডান্সের মঞ্চে যে খুদেদের দেখা যেত তাদের মধ্যেই একজন গুরুতর অসুস্থ। রোদ্দুরের ফুসফুসের অবস্থা খারাপ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর রটার পরই টলিউডের একাধিক পরিচিত মুখ এগিয়ে এসেছে তার পরিবারের পাশে দাঁড়াতে, সাহায্য করতে। এদিন অঙ্কুশ হাজরা এবং জিতু কামাল দেখা করলেন খুদের সঙ্গে। 

অঙ্কুশ হাজরা সম্প্রতি রোদ্দুরের সঙ্গে দেখা করেন। কথা বলেন। শুধু তাই নয়, অভিনেতার জন্য হাসপাতালের বিছানায় শুয়েই গান শোনায় রোদ্দুর। সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন অঙ্কুশ হাজরা। একই সঙ্গে তার সুস্থতা কামনা করেন। অভনেতা তাঁর পোস্টে লেখেন, 'আমার সোনা বাবুটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তুমি। আমরা সকলেই তোমার পাশে আছি। আমি সকলকে অনুরোধ করছি রোদ্দুরের পাশে একটু দাঁড়ানোর জন্য এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য, যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।'

https://www.instagram.com/reels/DVwWjiukh_O/

কেবল অঙ্কুশ হাজরা নন, জিতু কামালও সম্প্রতি হাসপাতালে গিয়েছিলেন রোদ্দুরকে দেখতে। তার সঙ্গে দেখা করে, পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটান চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আর্য।

কী হয়েছে রোদ্দুরের? সম্প্রতি রোদ্দুরের 'ডান্স বাংলা ডান্স'- এর মঞ্চের একাধিক ছবির সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে জানানো হয়েছে তার ফুসফুস কার্যত বিকল। বর্তমানে সে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর এই একরত্তির সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। তাই তাঁরা সকলে মিলে নেটিজেনদের কাছে আবেদন করছেন যাতে সকলে সাহায্য করেন রোদ্দুরকে। এদিন এও জানানো হয়েছে, যে তাঁরা সকলে নিজেদের মতো করে চেষ্টা করছেন রোদ্দুরের পরিবারের পাশে দাঁড়ানোর। কিন্তু চিকিৎসার অঙ্ক যেহেতু অনেকটাই বেশি তাই সকলের থেকেই সাহায্য চেয়েছেন তাঁরা।

'মীরাক্কেল' খ্যাত শুভদীপ ঘোষ এই বিষয়ে একটি পোস্ট করেছেন। তাঁর সেই পোস্ট এদিন সমাজমাধ্যম শেয়ার করেন 'মীরাক্কেল' -এর জনপ্রিয় কমেডিয়ান, তথা নাট্যব্যক্তিত্ব, পরিচালক সৌরভ পালোধীও। রূপম ইসলাম থেকে তাঁর স্ত্রী রূপসা দাশগুপ্ত সহ আরও অনেকেই বিষয়টি সমাজমাধ্যমে শেয়ার করেছেন। 

প্রসঙ্গত, 'ডান্স বাংলা ডান্স' -এর মঞ্চে গত সিজনে মহাগুরু হিসেবে ছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে এই হল্লা পার্টিকে দেখা যেত। গোটা অনুষ্ঠানকে আরও মজাদার করে তোলার জন্য, দর্শকদের আরও বিনোদন দেওয়ার জন্যই এই আয়োজন করা হয়। সঙ্গে থাকে কেকে, অর্থাৎ সেই জনপ্রিয় ভূত।