সদ্যই 'দেশু ৭' নিয়ে বড় ঘোষণা করেছেন দেব। জানিয়েছেন এই ছবির চিত্রনাট্যকার, পরিচালক তিনিই। একই সঙ্গে অভিনয় ও প্রযোজনা করবেন ছবিটির। শুধু তাই নয়, এই ছবিতে, তাঁর ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকেও। ফেডারেশনের তরফে অভিনেতাকে ব্যান করা হয়েছিল। যদিও সম্প্রতি টলিউডের একটি বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেব অনুরোধ করেন এই ব্যান কালচার তুলে ফেলার প্রসঙ্গে। সময় দেন ৭২ ঘণ্টা। আর তারপরই সুপারস্টার জানিয়ে দেন তাঁর পুজোর ছবিতে থাকছেন অনির্বাণ। 

'দেশু ৭'- এ থাকার প্রসঙ্গে এদিন অনির্বাণ ভট্টাচার্য সংবাদমাধ্যমকে বলেন, "দেশু ৭, দেব শুভশ্রী জুটিকে নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা সেটাতে যে আমি জুড়ে যেতে পারছি একজন অভিনেতা হিসেবে, এটা নিয়ে উত্তেজিত। একই সঙ্গে, আমি এটা নিয়েও উত্তেজিত যে দেব প্রথমবার পরিচালনা করতে চলেছেন, আর সেটাতে আমি কাজ করব। আমার প্রথম ছবিও দেবের সঙ্গে। 'আরশিনগর'। এটা একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার ব্যাপার।" তিনি এদিন একই সঙ্গে বলেন, "শুভশ্রী আমার খুব পছন্দের অভিনেত্রী। কিন্তু শুভশ্রীর সঙ্গে ঠিক কখনই আমার অভিনয় করা হয়ে ওঠেনি। সেই সুযোগ এবার আসতে চলেছে। ফলে অনেক কিছু নিয়েই 'দেশু ৭' আমার কাছে খুব স্পেশ্যাল। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দেবের উপর। গোটা ক্রিয়েটিভ টিমটার উপরেই যে একটা চমৎকার চরিত্র, বা অভিনয়ের সুযোগ মাথায় রেখেই ও আমাকে ডেকেছে। ঘোষণা শেষ, এবার আসল কাজ, ছবিটি বানানো। মানুষ যাতে আমাদের ছবিটি দেখে আনন্দ পান, সেটার কাজ তাড়াতাড়ি শুরু হবে, আমি তার জন্য মুখিয়ে আছি।" প্রসঙ্গত, অনির্বাণ এবং দেব একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। 'আরশিনগর', 'রঘু ডাকাত' -এর পর তাঁরা আবারও 'দেশু ৭' -এ কাজ করবেন। 

ব্যান কালচার প্রসঙ্গেও এদিন মুখ খোলেন অনির্বাণ ভট্টাচার্য। বলেন, "এটা আমাদের যে সমস্ত সংগঠন আছেন, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন তাঁরা নিয়মিত এটা নিয়ে কথা বলছেন, বসছেন। এটার নিষ্পত্তি কীভাবে হবে, কেমন ভাবে হবে সেটা তাঁরাই বলতে পারবেন। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কারণ এই ধরনের মিটিংগুলোতে আমি একদিনও উপস্থিত থাকিনি। আমি শুধু বলতে পারি 'দেশু ৭' -এ আমি অভিনয় করছি। চেষ্টা করব ভাল করে করার।" 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'দেশু ৭: ছবিটি দেব বছরের গোড়াতেই ঘোষণা করেছিলেন। কিন্তু এখনও এই ছবির নাম ঘোষণা হয়নি। চলতি বছরের পুজোয় মুক্তি পাওয়ার কথা ছবিটির।