বলিউডের অন্যতম চর্চিত প্রেমের গল্প হল অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক। এক সময় তাঁদের এই সম্পর্ক নিয়ে বলিউড সরগরম থাকত। যদিও তাঁরা নিজেরা কখনও সেই প্রেমে স্বীকৃতি দেননি। তবে দু'জনের সম্পর্কের টানাপোড়েনের মাঝে এমন একটি ঘটনার কথা শোনা যায়, যা আজও অনুরাগীদের অবাক করে।
তবে সম্প্রতি, অমিতাভ-রেখার সম্পর্কের টানাপোড়েনের এক অদ্ভুত ঘটনা নতুন করে প্রকাশ্যে এসেছে। যা জানতে পেরে বেশ অবাক হয়েছেন অনুরাগীরা। গুঞ্জন রয়েছে, সেই সময় অমিতাভ বচ্চন 'লাওয়ারিস' ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। শোনা যায়, শুটিং সেটে এক ইরানি নৃত্যশিল্পীর প্রেমে পড়েন 'বিগ বি'। এই খবর রেখার কানে পৌঁছালে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন এবং সরাসরি শুটিং সেটে গিয়ে অমিতাভের থেকে কৈফিয়ত চান।
জানা যায়, এই বিষয় নিয়ে অমিতাভ ও রেখার মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। উত্তেজনার বশে অমিতাভ নাকি রেখাকে চড় মেরেছিলেন। সেই সময় রেখা যশ চোপড়ার 'সিলসিলা' সিনেমাটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন বলে শোনা যায়। তবে পরবর্তীকালে যশ চোপড়ার মধ্যস্থতায় অমিতাভ, জয়া এবং রেখা এই সিনেমায় কাজ করতে রাজি হন।
যদিও এই ধরণের ব্যক্তিগত মুহূর্তগুলো নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি অমিতাভ বা রেখা। কিন্তু সেই সময়ের বিভিন্ন সাক্ষাৎকারে রেখাকে অমিতাভ এবং জয়া বচ্চনের সঙ্গে তাঁর জটিল সমীকরণ নিয়ে বলতে শোনা গিয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও, এই ঘটনাটি সেই সময়ের অমিতাভ-রেখার উত্তাল সম্পর্কের একটি বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়। যা আজও বলিউডের অন্দরমহলে আলোচনার খোরাক জোগায়।
















