আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
সত্যি অমিতাভের অস্ত্রোপচার হয়েছে?
অমিতাভ বচ্চনের শরীরে অস্ত্রোপচার হয়েছে, সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়েছিল। স্বাভাবিকভাবেই 'বিগ বি'-কে নিয়ে ভক্তদের মনে দুশ্চিন্তা বাড়ে। তবে এই খবর সত্যি নয় বলে জানিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করেই এই গুজব ছড়িয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি অমিতাভের একটি পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন, তিনি হয়তো কোনও চিকিৎসা বা অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গিয়েছেন। তবে অভিনেতা বিষয়টি নিয়ে স্পষ্ট জানান, তাঁর কোনও সার্জারি হয়নি। 'শাহেনশাহ'-র এই বার্তার পর স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা। ভক্তদের উদ্দেশে তিনি জানিয়েছেন, তিনি ভাল আছেন এবং নিজের কাজ চালিয়ে যাচ্ছেন।
সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে চিন্তায় প্রীতি জিন্টা
সোনম ওয়াংচুকের অনশন নিয়ে চিন্তা প্রকাশ করেছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। তিনি ওয়াংচুককে নিজের স্বাস্থ্যের কথা ভেবে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। সোনমের অনশন নিয়ে দেশজুড়ে তোলপাড়। দীর্ঘদিন অনশনে থাকায় তাঁর শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রীতি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে জানান, সোনম ওয়াংচুকের মতো একজন মানুষের সুস্থ থাকা খুব জরুরি। তিনি বলেন, দাবি আদায়ের জন্য আন্দোলন প্রয়োজন হলেও নিজের শরীরের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। বলিউডের 'ডিম্পল গার্ল’
আরও জানিয়েছেন, তিনি সিজেপি আন্দোলনের পাশে রয়েছেন। মানুষের অধিকার ও দাবিগুলি নিয়ে আলোচনা হওয়া দরকার বলে মনে করেন তিনি। প্রীতির বক্তব্য, প্রতিবাদ করার অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনই একজন মানুষের জীবন ও স্বাস্থ্যও খুব মূল্যবান। তাই তিনি ওয়াংচুককে অনশন শেষ করে সুস্থ থাকার আবেদন জানিয়েছেন।
কাশ্মীরের শিল্পীদের সঙ্গে কাজ করতে চান হুমা
কাশ্মীর এখন অনেকটাই বদলে গিয়েছে, সেখানকার স্থানীয় শিল্পীদের সঙ্গে কাজ করতে চান হুমা কুরেশি। কাশ্মীর সফরে গিয়ে সেখানকার সৌন্দর্য, সংস্কৃতি এবং মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি। হুমার সঙ্গে কাশ্মীরের বিশেষ সম্পর্ক রয়েছে। তাঁর মা কাশ্মীরের বাসিন্দা হওয়ায় ভূস্বর্গের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রীর। তিনি জানিয়েছেন, কাশ্মীরে গেলে তাঁর মনে হয় যেন নিজের শিকড়ের কাছেই ফিরে এসেছেন। সম্প্রতি নিজের কাজের প্রচারে কাশ্মীরে গিয়েছিলেন হুমা। সেখানে গিয়ে তিনি স্থানীয় মানুষদের ভালবাসা ও উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। সেই অভিজ্ঞতা তাঁর মন ছুঁয়ে গিয়েছে। অভিনেত্রী বলেন, কাশ্মীরে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন। তাঁদের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। স্থানীয় শিল্পীদের প্রতিভাকে সামনে আনার পাশাপাশি কাশ্মীরের গল্পও তুলে ধরতে চান তিনি। হুমার মতে, কাশ্মীরের সংস্কৃতি ও শিল্পের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই উপত্যকার শিল্পীদের সঙ্গে কাজ করে নতুন কিছু করার আশা প্রকাশ করেছেন অভিনেত্রী।
















