বলিউডের শাহেনশাহ তিনি৷ অমিতাভ বচ্চনের কথা জানার জন্য অনুরাগীদের মধ্যে কৌতূহল সবসময় থাকে৷ বিগ বি নিজেও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন৷ বিভিন্ন সময় বিভিন্ন মতামত প্রকাশ করেন৷
অমিতাভ তার সামাজিক মাধ্যমে প্রতিটি পোস্ট করেন একেকটি বিশেষ নম্বর লিখে৷ যেমন এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করলে টি লিখে একটি নম্বর লেখা থাকে। তারপর তিনি বক্তব্য প্রকাশ করেন ছবি বা লেখায়।
কয়েক ঘণ্টা আগে অমিতাভ বচ্চন এমন এক টুইট করেছেন যা নিয়ে হইচই শুরু হয়েছে৷ টি-৫৬৭০ এই বিশেষ নম্বরের সঙ্গে বিশেষ বার্তা দিয়েছেন অমিতাভ৷
তিনি লিখেছেন, "বিশ্বের প্রতিটি কোণায় বিশ্বস্ত পুরুষরা আছেন৷ কিন্তু দুর্ভাগ্য এই যে, পৃথিবীটা গোল। "
যে কোনও সম্পর্কের ভিত্তি বিশ্বাস৷ বলা হয়, পুরুষ মাত্রই বহির্মুখী স্বভাবের হয়ে থাকে৷ তারকা থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই সম্পর্কে বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠলে অনেক সময় পুরুষের দিকেই থাকে অভিযোগের তীর৷
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কী বলতে চাইছেন বিগ-বি? বক্রোত্তির সুরে তিনি কি বলতে চাইলেন বিশ্বাসযোগ্য পুরুষ আসলে সোনার পাথরবাটি? নাকি তিনি বলতে চাইলেন পুরুষকে ভরসা বিশ্বাস করাই যায়, কিন্তু সম্পর্কের জটিলতা সেই বিশ্বাস গঠনে বাধা হয়ে দাঁড়ায়?
অনুরাগীদের মনে যেমন ঘুরছে প্রশ্ন, তেমনি কেউ কেউ আবার অমিতাভ বচ্চনের প্রেমজ সম্পর্কের বিতর্ক উস্কে দিয়েছেন৷
