অ্যাটলি-র পরিচালনায় ‘রাকা’ ছবিটির ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছিল উন্মাদনা। এবার সেই উন্মাদনার আগুনে ঘি ঢালল অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকের অঙ্ক।অ্যাটলির আগামী ছবি ‘রাকা’-র বাজেট প্রায় ৭০০ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী, এই ছবির জন্য অল্লু অর্জুন নিচ্ছেন ১৭৫ কোটি টাকা। অন্যদিকে, বলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়া সত্ত্বেও দীপিকা পাড়ুকোনের ঝুলিতে আসছে মাত্র ২৫ কোটি টাকা। অর্থাৎ অল্লুর তুলনায় তাঁর পারিশ্রমিক প্রায় ৭ গুণ কম। দক্ষিণী সেনসেশন রশ্মিকা মন্দানা পাচ্ছেন প্রায় ৫ কোটি টাকা। যদিও এই পরিসংখ্যানের কোনও আনুষ্ঠানিক সত্যতা এখনও মেলেনি।


শোনা যাচ্ছে, এই ছবিতে অল্লু অর্জুনকে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে—একজন পুলিশ অফিসার, একজন অর্ধেক মানুষ-অর্ধেক দানব এবং এই দুই ভাইয়ের বাবার চরিত্রে। সম্প্রতি অল্লুর ৪৪তম জন্মদিনে ছবির যে পোস্টার মুক্তি পেয়েছে, সেখানে তাঁর রহস্যময় ‘ওয়াইল্ড’ লুক দেখে দর্শকরা ইতিমধ্যেই রোমাঞ্চিত।

 

'রাকা'র প্রথম পোস্টারে ধরা পড়েছে ছবিতে আল্লুর লুক। যেখানে চোখে-মুখে হিংসা, বিদ্বেশে ভরা মারকাটারি লুকে ধরা দিয়েছেন নায়ক। যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন অনুরাগীরা। এই সিনেমার প্রথম পোস্টারে আল্লু অর্জুনকে চেনা দায়! তাঁকে দেখা যাচ্ছে, সম্পূর্ণ ন্যাড়া মাথায়। শুধু তাই নয়, তাঁর পিঠে পশুর বড় নখ বা থাবা লাগানো আছে। শুধু তাই নয়, পোস্টারে দেখা যাচ্ছে তিনি একটি জ্বলন্ত আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে আছেন। এই লুক দেখে বোঝাই যাচ্ছে যে, ছবিতে তিনি কোনও সাধারণ মানুষ নন, দানবীয় শক্তির কোনও চরিত্রে অভিনয় করছেন।

এর আগে শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটিতে রেকর্ড গড়েছিলেন পরিচালক অ্যাটলি। এবার তিনি হাত মিলিয়েছেন আল্লু অর্জুনের সঙ্গে। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দুটি ছবির পর বর্তমানে গোটা ভারতের সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন আল্লু। আর এই দুই বড় তারকা একসঙ্গে হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে।শোনা যাচ্ছে, ‘রাকা’ ছবিটি একটি সাই-ফাই অ্যাকশন থ্রিলার হতে চলেছে। অর্থাৎ এতে বিজ্ঞানের ছোঁয়া এবং প্রচুর অ্যাকশন থাকবে। আল্লুর চরিত্রটি এমন হবে যা ভারতীয় সিনেমায় আগে কখনও দেখা যায়নি।


ইতিমধ্যে আল্লুর এই ‘রাকা’ অবতার ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। হিংস্র এই লুক দেখে ভক্তরা বলছেন, বক্স অফিসে এবার নতুন কোনও ইতিহাস তৈরি হতে চলেছে। অ্যাটলির পরিচালনা আর আল্লু অর্জুনের অভিনয়, সবমিলিয়ে বছরের সবথেকে বড় সিনেমা হতে পারে ‘রাকা’।

 


দীপিকা-রশ্মিকা ছাড়াও এই ছবিতে ম্রুণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুরের মতো অভিনেত্রীদের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। মুম্বইয়ে খুব শীঘ্রই ছবির পরবর্তী পর্যায়ের শুটিং শুরু হতে চলেছে এবং সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ এই ছবির কাজ শেষ হবে।