মা হওয়ার পর জীবন যেন নতুন রঙে রাঙিয়েছে ক্যাটরিনা কইফ-কে। গত বছরের নভেম্বরে পুত্র বিহানের জন্মের পর এখন মাতৃত্বের আবেশেই দিন কাটছে তাঁর। এহেন আনন্দঘন আবহেই ছোট্ট সদস্যের জন্য 'ভালবাসা' পাঠালেন তাঁর সহঅভিনেত্রী ও বন্ধু আলিয়া ভাট। আর সেই উপহারেই ধরা পড়ল আলিয়ার মমত্ব, বন্ধুত্ব আর নতুন জীবনের কোমল স্পর্শ।

বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাটরিনা শেয়ার করেন নবজাতকের জন্য পাওয়া এক হৃদয়ছোঁয়া উপহারের ছবি। উপহারটি এসেছে আলিয়ার শিশুদের পোশাকের ব্র্যান্ড এড-এ-মাম্মা-র তরফে। সুন্দরভাবে সাজানো বক্সের মধ্যে ছিল নরম বোনা নীল খরগোশ খেলনা ও তার সঙ্গে মানানসই কম্বল।  প্যাস্টেল টোনে মোড়া পুরো প্যাকেজ যেন নবজাতকের আরামের কথা ভেবেই তৈরি। সেই উপহারের ছবির সঙ্গে ক্যাটরিনার সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক ধন্যবাদবার্তা  “থ্যাঙ্ক ইউ, এডামাম্মা, এই মিষ্টি উপহারের জন্য” - যেন এই বন্ধুত্বের উষ্ণতাকেই আরও স্পষ্ট করে দিল।

 

আলিয়া ও ক্যাটরিনার বন্ধুত্ব বহুদিনের। একসময় একই জিমে একসঙ্গে শরীরচর্চা করতেন তাঁরা। শুধু তাই নয়, এই দুই অভিনেত্রীর একটি ইতিহাসও আছে। আলিয়ার স্বামী তথা অভিনেতা রণবীর কাপুরের সং বহু বছর সম্পর্কে ছিলেন ক্যাটরিনা! 

 

এর আগেও অভিনেত্রী কিয়ারা আদবানি- সিদ্ধার্থ মালহোত্রার সন্তানের জন্য উপহার পাঠিয়েছিলেন আলিয়া। পোশাকের সঙ্গে একটি আবেগঘন চিঠিতে তিনি লিখেছিলেন মাতৃত্ব যেমন সুন্দর, তেমনই ক্লান্তিকর।  তাই নতুন মায়েদের নিজের যত্ন নেওয়ার কথাও ভুললে চলবে না।

 

ব্যক্তিগত জীবনের দিক থেকে, অল্প সময়ের সম্পর্কের পর ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের ঐতিহাসিক প্রাসাদ-হোটেল সিক সেন্সেস ফোর্ট বারওয়াড়া-তে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি কৌশল। চার বছরের দাম্পত্যের পর ২০২৫ সালের ৭ নভেম্বর তাঁদের পরিবারে আসে ছোট্ট বিহান আর সেই খবরেই উচ্ছ্বসিত হয়েছিল ভক্তমহল।

কাজের দিক থেকেও ব্যস্ত আলিয়া। তাঁকে শিগগিরই দেখা যাবে আলফা ছবিতে, যা যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী অধ্যায়। পাশাপাশি কাজ চলছে 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি, যেখানে সহ-অভিনেতা হিসেবে থাকছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।

 

&t=313s

 

মঞ্চের আলো, ক্যামেরার ঝলকানি, সবকিছুর মাঝেই এ যেন বলিউডের বন্ধুত্বের এক নরম, মানবিক গল্প। নতুন জীবনের শুরুতে ছোট্ট উপহার, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অনেকটা ভালবাসা।