চলতি বছরে বলিউডের বহুল প্রতীক্ষিত ছবির তালিকায় একেবারে উপরের দিকে নাম রয়েছে 'হেওয়ান'-এর। নয়ের দশকের সেই চেনা ‘খিলাড়ি-আনাড়ি’ রসায়ন ফের বড়পর্দায় ফিরছে ঠিকই, তবে চেনা ছকে নয়—একেবারে নতুন মোড়কে! প্রিয়দর্শন পরিচালিত ছবি ‘হেওয়ান’ নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। আর তার মাঝেই ছবির কাস্টিং এবং ছবিতে অভিনীত অক্ষয় কুমারের চরিত্র নিয়ে এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন স্বয়ং সইফ আলি খান! জানালেন, এবার আর মজাদার নয়, পর্দায় 'খিলাড়ি'কে দেখা যাবে এক মারাত্মক, গা ছমছমে খলচরিত্রে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সইফ আলি খান 'হেওয়ান' নিয়ে মুখ খুলেছেন। খানিক উচ্ছ্বসিত স্বরেই সইফ বলেন, "আমরা সত্যিই খুব ভাগ্যবান যে অক্ষয় এই চরিত্রটা করতে রাজি হয়েছে। ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এবার ও এমন একটা মারাত্মক খলচরিত্রে অভিনয় করছে। আর, অক্ষয়কে তো এই অবতারে খুব একটা দেখা যায় না, তাই আমি নিজেও এই ছবি পর্দায় দেখার জন্য মুখিয়ে আছি।"
অক্ষয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের অফ-স্ক্রিন বন্ধুত্ব নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা নস্টালজিক হয়ে পড়েন সইফ। তিনি বলেন, "আমি অক্ষয়কে ভীষণ ভালবাসি। ও আমার দাদার মতো। আমাদের চেনা-জানা তো আজ থেকে নয়, কেরিয়ারের একদম শুরু থেকে। ইন্ডাস্ট্রিতে ও যতদিন ধরে কাজ করছে, তার জন্য অবশ্যই ওর প্রতি একটা আলাদা সম্মান কাজ করে। আমরা দু'জনে একসঙ্গে অনেক চড়াই-উতরাই দেখেছি। তাই আমাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি বরাবরই দারুণ।"
ছবির শুটিং সেটের মজার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন সইফ। হাসতে হাসতে তিনি বলে ওঠেন, "প্রিয়দর্শন স্যার আমাদের দেখলে মাঝে মাঝে বেশ বিরক্ত হতেন! বলতেন, ‘উফ, তোমরা তো একদম দুষ্টু বাচ্চাদের মতো আচরণ করছ।’ শুনে অক্ষয় আবার পাল্টা বলে উঠত, ‘স্যার আসলে আমাদের ভেতরের বাচ্চাটাকে আপনিই বের করে আনছেন।’ তবে আমি কিন্তু অক্ষয়কে বলি, ‘তুই-ই আমার ভেতরের দুষ্টুমিটাকে বের করে আনিস।’
শুটিং সেটে পা রাখা ইস্তক আমরা দু'জনে মিলে সারাক্ষণ আজেবাজে বকে চলি। এদিকে একা থাকলে কিন্তু আমরা দুজনেই যথেষ্ট ম্যাচিওরড, কিন্তু ওই যে, একসঙ্গে হলেই..."
অনুরাগীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল, এই ছবিতেও কি নয়ের দশকের তাঁদের জুটি অভিনীত সেই চেনা কমেডি টাইমলাইন দেখতে পাওয়া যাবে? সইফ অবশ্য সাফ জানিয়ে দিলেন, এই প্রজেক্টের ঘরানা সম্পূর্ণ আলাদা। তাঁর কথায়, "এই ছবিটা কিন্তু আমাদের সেই চেনা মদাদার রসায়নের ওপর দাঁড়িয়ে নেই। আর সেটা একদিক থেকে ভালই হয়েছে। আমার মনে হয়, ওই কমেডি ঘরানার ছবিগুলোর একটা নির্দিষ্ট সময় ছিল, যা আমরা পেরিয়ে এসেছি।"
আগামী ১১ সেপ্টেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। এই ছবি একটি টানটান সাসপেন্স এবং হাই-স্টেক ড্রামায় ভরপুর ‘এজ-অফ-দ্য-সিট’ থ্রিলার।
অক্ষয়-সইফ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন শ্রিয়া পিলগাঁওকর এবং সাইয়ামি খের। জানিয়ে রাখা ভাল, ছবিটি আসলে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়দর্শনেরই সুপারহিট মালয়ালম ছবি ‘ওপাম’-এর হিন্দি রিমেক। মূল ছবিতে মুখ্যচরিত্রে ছিলেন দক্ষিণী তারকা মোহনলাল। তবে সেই ছবির এই হিন্দি রিমেকেও দর্শকের জন্য থাকছে বড় চমক—একটি দুরন্ত ক্যামিও চরিত্রে পর্দায় হাজির হবেন স্বয়ং মোহনলাল!
টানটান চিত্রনাট্য, প্রিয়দর্শনের ক্ষুরধার পরিচালনা আর তার ওপর সাইফের বিপরীতে অক্ষয়ের দুর্ধর্ষ ভিলেন অবতার—সব মিলিয়ে ২০২৬-এর সেপ্টেম্বরের বক্স অফিসে যে পখরদ চড়তে চলেছে, তা বলাই বাহুল্য!















