আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

ফের সমস্যায় 'হেরা ফেরি ৩'! এবার কী ঘটল? 

সদ্যই 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গিয়েছেন পরিচালক প্রিয়দর্শন। জানিয়েছেন প্রযোজকের সঙ্গে তাঁর সমস্যার কথা। এরপরই জানা গেল নতুন বিতর্কে জড়িয়েছে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি অভিনীত ছবিটি। কী ঘটেছে? অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা কেপ অফ গুড ফিল্মসের তরফে এই ছবির অধিকার বা সত্ত্ব দাবি করা হয়েছে। আর এই মর্মে তাঁদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফলে প্রিয়দর্শনের কথা মতো তিনি না থাকলেও 'হেরা ফেরি ৩' ছবিটির ভবিষ্যৎ যে বিশ বাও জলে, সেটা বলাই যায়। 

না ফেরার দেশে গায়িকা লরেন বেনেট

'পার্টি রক অ্যান্থেম' যাঁর গাওয়া সেই গায়িকা লরেন বেনেট না ফেরার দেশে পাড়ি দিলেন। মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। বলাই বাহুল্য এত কম বয়সে তাঁর প্রয়াণ গোটা সঙ্গীত জগতকে স্তম্ভিত করে দিয়েছে। লরেন একজন ইংরেজ গায়িকা, তিনি সেখানকার গার্লস গ্রুপ প্যারাডিসো গার্লস, ইত্যাদির সদস্য ছিলেন। গত ২৯ মে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। তবে সেই খবর ৬ জুলাই প্রকাশ্যে আনা হয়েছে। জন্মদিনের মাত্র এক মাস আগে প্রয়াত হন তিনি। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে সেটা স্পষ্ট নয়। 

শুটিং শুরুর আগেই বিপাকে জুনিয়র এনটিআরের 'ত্রিবিক্রম', কেন? 

শুটিং শুরুর আগেই জুনিয়র এনটিআর অভিনীত ছবি 'ত্রিবিক্রম' বিপাকে পড়েছে। এই ছবিতে নাকি মুরুগান দেবতার বিষয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। তাই তামিল নাড়ুতে এই ছবি নিষিদ্ধ করে দেওয়া হবে এমন হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু কেন? কী ঘটেছে? এই ছবির ঘোষণা করে একটি পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে লেখা হয়েছে, 'তাঁর জন্ম উত্তরে, এবং পূজিত হন দক্ষিণে।' এই উত্তরে জন্মের বিষয়টাই তাঁরা বিশেষ ভাল ভাবে নেননি তাই এই বিতর্ক।