বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। কিন্তু একের পর এক জটিলতায় থমকে গিয়েছে 'হেরা ফেরি ৩'। কবে থেকে শুরু হবে এই ছবির কাজ, এবার তা নিয়ে বড় আপডেট দিলেন অক্ষয় কুমার।
বলিউডের 'খিলাড়ি' জানিয়েছেন, 'রাজু', 'শ্যাম' আর 'বাবুরাও'-এর সেই হাসির ম্যাজিক বড় পর্দায় দেখতে আরও দীর্ঘ অপেক্ষা করতে হবে। অন্তত আগামী এক বছরের মধ্যে এই সিনেমাটি ফ্লোরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।
অক্ষয় কুমারের মনে করেন, ‘হেরা ফেরি’ একটি কাল্ট ক্লাসিক। এর প্রতিটি চরিত্র দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। তাই যথাযথ চিত্রনাট্য এবং মানের সঙ্গে আপস করে তিনি এই প্রজেক্টে হাত দিতে চান না। তাঁর কথায়, "আমি নিজেও চাই রাজু হয়ে ফিরতে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা মনের মতো কোনও গল্প পাচ্ছি, ততক্ষণ তাড়াহুড়ো করা ঠিক হবে না। দর্শকদের প্রত্যাশা অনেক উঁচুতে, আর আমরা তাদের হতাশ করতে পারি না।"
২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ মুক্তির পর থেকেই তৃতীয় পর্বের দাবি জানিয়ে আসছেন ভক্তরা। অক্ষয়ের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, স্ক্রিপ্ট ভাল করার জন্য সময় নেওয়া ভাল, আবার অনেকে অক্ষয়, সুনীল ও পরেশ রাওয়ালের ত্রয়ীকে একসঙ্গে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না।
বেশ কিছুদিন আগে খবর রটেছিল যে 'হেরা ফেরি ৩'-এর শুটিং শুরু হয়ে গিয়েছে। এমনকী অক্ষয়, সুনীল এবং পরেশ রাওয়ালের একটি ছবিও ভাইরাল হয়েছিল, যেখানে তাঁদের পুরনো সাজপোশাকে দেখা গিয়েছিল। সেই ছবি দেখে ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু এখন জানা যাচ্ছে, সেটি হয়তো কোনও প্রচারমূলক কাজের জন্য ছিল, সিনেমার আসল শুটিং নয়।
প্রসঙ্গত, মাঝে শোনা গিয়েছিল অক্ষয়ের বদলে অন্য কোনও অভিনেতা এই ছবিতে অভিনয় করতে পারেন। নাম উঠে আসে কার্তিক আরিয়ানের। কিন্তু ভক্তদের চাপে প্রযোজকরা আবার অক্ষয়ের কাছেই ফিরে যান।
সম্প্রতি এও খবর ছড়ায়, একটি বড় প্রযোজনা সংস্থা প্রায় ৮০ কোটি টাকার বিনিময়ে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনতে আগ্রহী। পরিকল্পনা ছিল, স্বত্ব অধিগ্রহণের পর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা-র সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করা এবং নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে গল্পে কিছু পরিবর্তন আনা। তবে সূত্রের খবর, এই পরিকল্পনা এখনও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছোয়নি। মূল কারণ, স্বত্ব নিয়ে জটিল আইনি লড়াই।















