সংবাদ সংস্থা মুম্বই: একসময়ের দুরন্ত হিট জুটি। সেখান থেকে প্রেমিক-প্রেমিকা ও তারপর প্রাক্তন। তবে গত কয়েক বছরের বিভিন্ন অনুষ্ঠানে হাসিমুখে পরস্পরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে অক্ষয়-শিল্পাকে। অভিনেত্রীর বাবা মারা যাওয়ার পর তাঁকে সান্ত্বনা দিতেও হাজির হয়েছিলেন 'খিলাড়ি'। তবে এবারে যা হল, তা দেখে চোখের পলক পড়ছে না অক্ষয়-শিল্পার অনুরাগীদের। 

 

১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি'।  ছবির ভুল জনপ্রিয় গান- ‘চুরা কে দিল মেরা 'র সুরে অক্ষয়-শিল্পার জুটির নাচ আজও হিন্দি ছবিপ্রেমী দর্শকের চোখে ভাসে। দীর্ঘ ৩০ বছর পেরিয়ে মঞ্চে ফের একসঙ্গে তাঁদের এই জনপ্রিয় গানের সুরে পা মেলালেন অক্ষয় কুমার এবং শিল্পা শেট্টি! এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অতিথি হিসাবে হাজির হয়েছিলেন তাঁরা। অনুষ্ঠানের থিম মেনে থিম অনুযায়ী অক্ষয় একটি অল-হোয়াইট স্যুটে হাজির হয়েছিলেন, অন্যদিকে শিল্পাকে সেলিব্রিটি ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা একটি সাদা শাড়িতে দেখা যায়। 

 

 

অক্ষয় কুমার ও শিল্পা শেঠির জুটি ছিল বলিপাড়ার অন্যতম সেরা জুটি। তাঁদের 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' ছবির ‘চুরা কে দিল মেরা ’ যে গানটি গেয়েছিলেন অলকা ইয়াগনিক এবং  কুমার শানু।  এদিন সেই গানেই আসর জমালেন অক্ষয়-শিল্পা। নিজেদের সেই জমাটি রসায়নের কথা অনুরাগীদের মনে করিয়ে দিলেন। এত বছর পরেও যে তাঁদের রসায়নের আবেদন অমলিন, সেকথাই যেন তাঁরা প্রমাণ করলেন। স্বভাবতই তাঁদের নাচের মুহূর্তের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সমাজমাধ্যমে। নেট নাগরিকেরাও যারপরনাই খুশি এই ভিডিও দেখে। তাঁদের কেউ কেউ সমাজমাধ্যমে সেই ভিডিওর নীচে লিখেছেন, " উফফফ, দারুণ! অক্ষয়-শিল্পার বয়স বাড়ছে না কমছে, বোঝাই দায়!"