দিলজিতের পাশে গুল
ওটিটি প্ল্যাটফর্ম ‘জি-ফাইভ’ থেকে মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বহুল চর্চিত ছবি ‘শতলুজ’ । এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে সেন্সরশিপ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক নতুন করে দানা বেঁধেছে। এবার এই ইস্যুতে দিলজিতের পাশে দাঁড়িয়ে সোচ্চার হলেন বলিউড অভিনেত্রী গুল পনাগ। পাঞ্জাবে জঙ্গিবাদের আবহে কাটানো নিজের শৈশবের ভয়াবহ স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে গুল স্পষ্ট জানিয়েছেন, দেশের ইতিহাসের কোনো কঠিন বা অস্বস্তিকর অধ্যায়কে এভাবে মুছে ফেলা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজের ক্ষোভ উগরে দিয়ে গুল পনাগ লেখেন, “আমি যখন পাঞ্জাবে বড় হচ্ছিলাম, তখন সেখানে চরম উগ্রপন্থা ও জঙ্গিবাদের নৃশংস সময় চলছিল। আমার আজও মনে আছে, খবরের কাগজের হেডলাইনে পড়তাম কীভাবে চলন্ত বাস থামিয়ে নিরীহ যাত্রীদের টেনে নামিয়ে খুন করা হতো।”নিজের গ্রামের অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি আরও যোগ করেন, “এমনও বহু ঘটনা চোখের সামনে দেখেছি, যেখানে আন্দোলনের সঙ্গে কোনো দূর-দূরান্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও বহু নিরীহ যুবককে তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন আটকে রেখে নির্যাতন করা হতো। আমার নিজের গ্রাম থেকেও এমন ছেলেরা নিখোঁজ হয়েছিল।”
এই ডিজিটাল নিষেধাজ্ঞার পর ছবির মূল অভিনেতা দিলজিৎ দোসাঞ্জও হতাশা প্রকাশ করেছেন। তবে অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে রণবীর শোরির মতো চলচ্চিত্র ব্যক্তিত্বরা এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছেন। গুল পনাগের এই মন্তব্য সেই প্রতিবাদের পালে নতুন হাওয়া দিল।
ফের জুটিতে আল্লু-শ্রীলীলা?
ভারতীয় সিনেমার এই মুহূর্তের অন্যতম বহু প্রতীক্ষিত প্রজেক্ট হল অল্লু অর্জুন এবং ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির আগামী ছবি ‘রাকা’ । সান পিকচার্সের প্রযোজনায় প্রায় ৮০০ কোটি টাকার বিগ বাজেট সায়েন্স ফিকশন অ্যাকশন এন্টারটেইনারটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে এই ছবির হাত ধরেই পর্দায় প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন অল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন। তবে এবার এই প্যান-ইন্ডিয়া ছবিকে ঘিরে সামনে এলো এক মস্ত বড় চমক। শোনা যাচ্ছে, ছবিতে যোগ দিতে চলেছেন দক্ষিণ ভারতের সেনসেশনাল ডান্সার ও অভিনেত্রী শ্রীলীলা। ‘পুস্পা ২’ ছবিতে অল্লু অর্জুন এবং শ্রীলীলার ইলেকট্রিপাইং ডান্স নাম্বারটি দেশজুড়ে ঝড় তুলেছিল। রূপালি পর্দায় তাঁদের অন-স্ক্রিন রসায়ন এবং নাচের যুগলবন্দি রাতারাতি দর্শকদের ফেভারিট হয়ে ওঠে। এবার সেই ম্যাজিকই কি আবার ‘রাকা’ ছবিতে ফিরতে চলেছে?
বলিউড বাবল-এর সাম্প্রতিক একটি এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি শ্রীলীলাকে ‘রাকা’ ছবির শুটিং সেটে বেশ কয়েকদিন ব্যাক-টু-ব্যাক দেখা গিয়েছে। অল্লু অর্জুন যখন ছবির একটি গুরুত্বপূর্ণ শিডিউলের শুটিং করছিলেন, তখনই সেটে হাজির ছিলেন এই অভিনেত্রী। নির্মাতাদের তরফ থেকে এখনও পর্যন্ত শ্রীলীলার চরিত্রের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা কনফার্মেশন না দেওয়া হলেও, ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন— ছবিতে অবশ্যই স্পেশাল কিছু করতে চলেছেন তিনি। তা কোনও ক্যামিও চরিত্র হতে পারে, কিংবা ‘পুস্পা ২’-এর মতো আরও একটি ধামাকাদার ডান্স ট্র্যাক।
আর বিয়ে করব না: আকাঙ্খা
ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ খ্যাত অভিনেতা গৌরব খান্নার ব্যক্তিগত জীবন নিয়ে এবার সামনে এল এক অত্যন্ত চাঞ্চল্যকর খবর। ভাঙনের মুখে অভিনেতার দীর্ঘদিনের সংসার। ওটিটি রিয়্যালিটি শো ‘লক আপ সিজন ২’ -এর প্রিমিয়ার মঞ্চে এসে গৌরব খান্নার সঙ্গে নিজের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা। তাঁদের এই বিচ্ছেদের খবরে কার্যত স্তম্ভিত টেলি-দুনিয়া তথা অনুগামীরা। কারণ এর আগে নিজেদের ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনকে সম্পূর্ণ আড়ালেই রেখেছিলেন এই তারকা দম্পতি।
শো-এর নবম পর্বে সহ-প্রতিযোগী পামেলার সঙ্গে মনখোলা আড্ডায় নিজের বৈবাহিক জীবন এবং ডিভোর্সের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেন আকাঙ্ক্ষা। দুঃখপ্রকাশ করে তিনি বলেন, "আমি খুব কম বয়সে বিয়েটা করে ফেলেছিলাম। যখন বিয়ে হয়, তখন আমার বয়স ছিল মাত্র ২৪ বছর।" জবাবে পামেলা তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, "তুমি এখনও যথেষ্ট তরুণী, তুমি নিশ্চিতভাবেই জীবনে নতুন কাউকে পেয়ে যাবে।"তবে পামেলার এই কথায় সহমত হতে পারেননি আকাঙ্ক্ষা। অতীতের তিক্ততা ভুলে এবার সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়াতে চান তিনি। একলা চলার কড়া সিদ্ধান্ত নিয়ে আকাঙ্ক্ষা স্পষ্ট জানান, "আমি আর কোনোদিন বিয়ে করতে চাই না। আমার মনে হয়, বৈবাহিক জীবনের অধ্যায় আমার জন্য এখানেই শেষ। তবে জীবনের প্রথমবার আমি সম্পূর্ণ একা থাকতে চলেছি। মানে, এবার আর বাবার বাড়ির ছাদ কিংবা স্বামীর ঘরের আশ্রয় নয়, নিজের একটা বাড়ি হবে আমার। এবার থেকে সারা জীবন আমি একাই পথ চলব।"















