সম্প্রতি 'ধুরন্ধর ২' ছবির নির্মাতাদের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ তুলেছিলেন পরিচালক সন্তোষ কুমার আর.এস.। এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন যে, তাঁর পরিকল্পিত ছবি 'ডি সাহেব'-এর গল্পের সঙ্গে এই ছবির হুবহু মিল রয়েছে। তবে এবার পাল্টা পদক্ষেপ করলেন পরিচালক আদিত্য ধর। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, আদিত্য ধর সন্তোষ কুমারকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

সংবাদমাধ্যমকে এক সূত্র জানিয়েছেন, "আদিত্য ধর ইতিমধ্যেই তাঁর লিগ্যাল টিমের মাধ্যমে সন্তোষ কুমারকে আইনি নোটিশ পাঠিয়েছেন। সেখানে সমস্ত অভিযোগ অস্বীকার করে তাঁকে এই ধরণের মিথ্যা দাবি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তা সত্ত্বেও সন্তোষ যেহেতু ভিত্তিহীন অভিযোগ করে চলেছেন, তাই আদিত্য এখন তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।"

​অন্যদিকে, সন্তোষ কুমার জানিয়েছেন যে তিনি কোনও আইনি নোটিশ নয়, বরং নির্মাতাদের থেকে একটি ইমেল পেয়েছেন। তাঁর কথায়,"এটি কোনও নোটিশ নয়, আমার মেলের একটি জবাব মাত্র। তারা আমাকে হয়রানি করছে এবং বলছে যে আমি যেন অভিযোগ না করি। তাদের দাবি, আমি নাকি প্রচার পাওয়ার জন্য তাদের বদনাম করছি। আমি তাদের পরিষ্কার বলে দিয়েছি যে আমি আইনি পথেই হাঁটব। তাই আমাকে মেসেজ না পাঠিয়ে সরাসরি আদালতে এসে কথা বলুন।"

সন্তোষ কুমারের দাবি অনুযায়ী, তাঁর ছবির গল্পটি এক কিশোরকে ঘিরে, যার পরিবার অপরাধীদের হাতে আক্রান্ত হয় এবং সে প্রতিশোধ নিতে মানুষ খুন শুরু করে। পরবর্তীতে ছেলেটি গ্রেফতার হয় এবং 'র' অফিসার তাকে সন্ত্রাসবাদ দমনের জন্য পাকিস্তানে পাঠায়। সন্তোষের অভিযোগ, আদিত্য ধর তাঁর গল্পের মূল অংশগুলো চুরি করে তাতে রাজনৈতিক প্রোপাগান্ডা মিশিয়ে দিয়েছেন।



তিনি আরও বলেন, "আমি পরিচালক আদিত্য ধরের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। প্রযোজনা সংস্থা জিও স্টুডিওজের সঙ্গে কথা বললে তারা জানায় যে তারা কেবল প্রযোজক, এই বিষয়ে বি৬২ স্টুডিওজের সঙ্গে কথা বলতে হবে। আমি তাদের বিরুদ্ধে মামলা করছি। আমি বিষয়টি প্রকাশ্যে আনায় প্রযোজকরা আমাকে হেনস্থা করছেন এবং জিজ্ঞেস করছেন, ‘কেন আপনি এসব প্রচার করছেন? কেন আজেবাজে কথা বলছেন?’ আমি তাদের বলেছি, আদালতে আসুন এবং আইনত আমাকে জবাব দিন।"

প্রসঙ্গত, সন্তোষের এই মন্তব্যের কোনও জবাব এখনও পর্যন্ত দেননি আদিত্য ধর। এমনকী প্রযোজনা সংস্থার পক্ষেও কোনও বিবৃতি আসেনি। বক্স অফিসে এক ঝড় তুলেছে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। মুক্তির মাত্র ১৫ দিনের মধ্যেই প্রায় ১,৪৯২.৭৭ কোটি ব্যবসা করেছে রণবীর সিং-এর এই ছবি।