২০২৫ সালের জুলাই মাসে দাম্পত্য জীবনে ইতি টানেন ছোটপর্দার অতি পরিচিত মুখ সুস্মিতা রায় এবং সব্যসাচী চক্রবর্তী। সেই সময় বিস্তর জল্পনা, জলঘোলা চলে তাঁদের সম্পর্ক নিয়ে। সময় এগিয়েছে, দুজনের জীবন দুই খাতে বয়ে গিয়েছে। বর্তমানে নিজের কাজ, ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন সুস্মিতা। এর মধ্যেই নতুন পোস্ট করে চমকে দিলেন সকলকে।
অভিনেত্রী এদিন সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে নতুন কনে এবং বর একে অন্যের হাত ধরে রয়েছেন। এই ছবিটি পোস্ট করে সুস্মিতা রায় লেখেন, 'মা হতে চেয়েছি বরাবরই… এই একটা ইচ্ছে কখনো মন থেকে মুছে যায়নি। আজ ছত্রিশ বছর বয়সে এসে সত্যিই আর কোনো ভনিতা করার সময় নেই… নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই।' তিনি এদিন আরও আরও লেখেন, 'তাই বিয়ে করলাম… শুধু একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য… একটা শব্দ শোনার আশায়—মা… তোমরা সবাই আশীর্বাদ করো।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
সুস্মিতা এদিন এই পোস্ট করতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুসরাগীরা। কেউ লেখেন, 'এই খবর সত্যি হলে তোমায় অনেক শুভেচ্ছা।' কেউ আবার লেখেন, 'মা ডাক শোনার যে আনন্দ সেটা সত্যিই আর কিছুতে নেই।'
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রীর ভাই। তার বিয়ে থেকে রিসেপশনের একাধিক ছবি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন সুস্মিতা। সেখানে তাঁর হাতে যে মেহেন্দি দেখা গিয়েছে তার সঙ্গে এদিন অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন সেই মেহেন্দির মিল নেই। ফলে অনেকেই সন্দিহান যে এটা তাঁরই হাত, নাকি অন্য কারও।
এই বিষয়ে আরও একটি তথ্য জানিয়ে রাখা ভাল, এর আগে অভিনেত্রীর ব্যবস মেডোকার্টে যখন নতুন প্রোডাক্ট এসেছিল তখন তিনি নতুন কিছু আসছে বলেই প্রচার করেছিলেন। সেই সময়ও অনেকে ভেবেছিল বুঝি অভিনেত্রী নতুন জীবন শুরু করছেন। যদিও, পরে দেখা যায় বিষয়টা অন্য। এদিন সুস্মিতা রায়ের এই পোস্ট দেখে আজকাল ডট ইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু ফোন এবং মেসেজ দুই জায়গাতেই অধরা। ফলে তিনি সত্যিই বিয়ে করলেন না অন্য কোনও চমক আসছে, সেটা আগামীতে বোঝা যাবে।
প্রসঙ্গত, সুস্মিতা রায়কে দর্শক জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে শুরু করে কৃষ্ণকলি, অপরাজিতা অপু, ইত্যাদি ধারাবাহিকে দেখেছেন। সুন্দরবন থেকে এসে টলিউডে তিনি নিজের পরিচিতি তৈরি করেছেন। এত কাজের মধ্যে তাঁকে সবথেকে বেশি খ্যাতি দিয়েছিল কৃষ্ণকলি ধারাবাহিকটি। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি ভ্লগিং, ব্যবসা সবটাই একা হাতে সামলাচ্ছেন।
