দরজায় কড়া নাড়ছে ভোট। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট এবার দুই দফায় হবে। প্রথম দফা ২৩ এপ্রিল, দ্বিতীয় দফা ২৯ তারিখে। আর তার আগে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে দুর্গাপুর থেকে মেদিনীপুর ছুটে বেড়াচ্ছেন সৌমিতৃষা কুণ্ডু। গ্রীষ্মের এই দাবদহে নিজেকে কীভাবে ফিট রাখছেন 'কালরাত্রি' অভিনেত্রী? খোঁজ নিল আজকাল ডট ইন।
২১ এপ্রিল মেদিনীপুর গিয়েছিলেন ভোটের প্রচারে। সেখান থেকে ফেরার সময়ই সময় দিলেন আজকাল ডট ইনকে। এই সময় তাঁর রোজের রুটিন কী জানতে চাইলে সৌমিতৃষা কুণ্ডু বলেন, "আলাদা করে কোনও রুটিন নেই। সব মানুষেরা রোদে খাটাখাটনি করছে দলের জন্য, দলের হয়ে, আমিও একদম সেটাই করছি। যেরকম কর্মীরা যে জায়গায় যাচ্ছেন তাঁদের সঙ্গে যাচ্ছি, উচ্ছ্বাস দেখছি। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সকল মানুষের ভালবাসা দেখছি। যিনি প্রার্থী হয়েছেন, তাঁর প্রতি ভালবাসা দেখছি। ওটাই।" তাঁর আরও সংযোজন, "যে জায়গায় যাচ্ছি সেখানে সবাই খুব খেটে কাজ করছে, রোদ্দুরে ঘেমে নেয়ে কাজ করছে। এটা তো আমাদের জন্যও এক। আমরা শিল্পীরাই বলুন না যতক্ষণ এসি ফ্লোরে থাকি? রোদ্দুরে পুড়ে পুড়েই কাজ করতে হয়। ফলে আমি এতে অভ্যস্থ। আমার ভালই লাগছে। খুব উপভোগ করছি। রুটিন আলাদা নেই, রুটিন একটাই, বিভিন্ন জায়গায় যাচ্ছি। জনসংযোগ করছি। মানুষের আশীর্বাদ, ভালবাসা পাচ্ছি।"
গরমে সুস্থ থাকতে খাচ্ছেন কী? ছোটপর্দার মিঠাই বললেন, "খাওয়া দাওয়া নরমাল। যা পাচ্ছি সেটাই খাচ্ছি। আমি এমনিও ডায়েট করি না। শুটিং করি যখন তখনও আউটডোর থাকে। এখন র্যালি করছি রোদ্দুরে, ট্রাভেল করছি, শুটিং থাকলেও তো তাই হয়। আমার কাছে বিষয়টা একই। তবে হ্যাঁ, রোজ একটু আসা যাওয়া হচ্ছে বলে ওই একটু ধকল হচ্ছে। কিন্তু সেটা ঠিক আছে, খুব উপভোগ করছি। খাওয়া দাওয়ার আলাদা কোনও রুটিন নেই। যখন যা পাচ্ছি খাচ্ছি। কিছু না পেলে লস্যি, ডাবের জল, ইত্যাদি খেয়ে নিচ্ছি। আর খাবার সময় পেলে ভাত, ডাল, এসবই।"
উত্তর থেকে দক্ষিণ যে ঘুরলেন, মানুষে প্রতিক্রিয়া কেমন? কেমন সাড়া পাচ্ছেন? "অসাধারণ ভালবাসে মানুষ। এক এক জায়গায় দুইবার গিয়েছি এমনও হয়েছে। আজ মেদিনীপুর শহরে গিয়েছিলাম, এত ভিড় গাড়ি থেকে নামতে পারিনি, বনেটে উঠে গিয়েছিলাম। আমাদের গাড়িও হারিয়ে গিয়েছিল। খুব মজা হয়েছে। এখানে আমি প্রচুর শো করতে এসেছি। মানুষের ভালবাসা কনস্ট্যান্ট আছে। ওই ঘরের মেয়ের মতো ভালবাসাটা যখন পাই তখন আর কিচ্ছু ম্যাটার করে না। ওরা যেমন আমার জন্য পাগল, আমিও ওদের জন্য পাগল। দুই তরফের ভালবাসাই খাঁটি", অকপট উত্তর সৌমিতৃষার।
এখন তো ভোটের প্রচার করছেন দলের হয়ে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিং মিছিলেও দেখা যায় তাঁকে। কিন্তু রাজনীতির ময়দানে সরাসরি কবে আসছেন? এই বিষয়ে অভিনেত্রী বলেন, "ধরুন, আপনি একটি স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছ, সেখানে কোনও একটা দলকে সমর্থন করেই যাবেন। আপনি কি ওদের হয়ে খেলবেনও? ব্যাপারটা সেরকমই। আমি দলটাকে সমর্থন করি, ভালবাসি। স্টেডিয়ামে দলের প্রচার করতে যাচ্ছি। দলের সদস্য হয়ে যাব কিনা সেটা জানি না।"
















