অভিনেতা বিজয় বর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কেরিয়ারের শুরুর দিকের দিনগুলো নিয়ে কথা বলেছেন। তাঁর কথায় উঠে এসেছে কাস্টিং কাউচের মতো এক তিক্ত অভিজ্ঞতাও। অভিনেতা জানান, সফলতার পথটা কখনই সহজ ছিল না এবং শুরুর দিকে তাঁকে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে এগোতে হয়েছে।

মডেলিংয়ের শুরর দিনগুলোর স্মৃতিচারণা করে বিজয় জানান, সেখানে কাজ করার সময় এক মডেল কো-অর্ডিনেটরের অদ্ভুত আচরণের মুখে পড়েছিলেন তিনি। সেই ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করার চেষ্টা করেন এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। 

এই ধরণের অভিজ্ঞতায় বেশ ভেঙে পড়েছিলেন তরুণ বিজয়। তবে তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে সাফ জানিয়ে দেন যে, এসব তাঁর পছন্দ নয়।

বিজয়ের কথায়, “আমি তখন শখের বশে মডেলিং করার চেষ্টা করেছিলাম। কিন্তু সেখানে একজন অদ্ভুত মডেল কো-অর্ডিনেটরের সঙ্গে আমার দেখা হয়। সে আমার সাথে একটু খারাপ আচরণ করতে শুরু করে, মানে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে। আমি তাকে বললাম, ভাই, এটা কী করছেন?’"

বিজয় আরও বলেন, "তখন আমি খুব ভয় পেয়ে যাই। যখন কিছু করার থাকে না, তখন মানুষ খুব দ্রুত ভরসা হারিয়ে ফেলে। এরপর আমি ভাবলাম, নাহ, বিষয়টার মুখোমুখি হওয়া দরকার। আমি যদি সত্যিই অভিনয় করতে চাই, তবে আমাকে এই বাধাগুলো পার করতেই হবে।”

অভিনেতা আরও জানান, এই ঘটনার পরই তিনি মডেলিংয়ের দুনিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নেন এবং পুরোপুরি অভিনয়ে মন দেওয়ার কথা ভাবেন। যদিও অভিনয় জগতে প্রবেশ করাও তাঁর জন্য সহজ ছিল না। 

হায়দরাবাদের সূত্রধর স্কুল অফ অ্যাক্টিংয়ে নাম লেখাতে গেলে তাঁকে শুরুতে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এরপর পুণের নামী ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অর্থাৎ FTII-এ আবেদন করলেও শেষ রাউন্ডে বাদ পড়ে যান তিনি। জীবনের এই ব্যর্থতাগুলো তাঁকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। তিনি উপলব্ধি করেন যে, ইচ্ছে করলেই সবকিছু সহজে পাওয়া যায় না। বিশেষ করে বাইরের দুনিয়ায় নিজের জায়গা তৈরি করা কতটা কঠিন, তা তিনি কড়া হাতে হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। তবে এত প্রতিকূলতার পরেও হাল ছাড়েননি। নিজের চেষ্টায় দর্শকের মনে জায়গা গড়ে তুলেছেন বিজয়।