বিনোদন জগতের অন্দরমহলে গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই চলছিল। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ দুই বছর পর লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা দুনিয়ায় ফিরলেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জি। বড়পর্দা, ছোটপর্দা কিংবা ওটিটি— সব মাধ্যমেই নিজের সাবলীল অভিনয়ের জন্য পরিচিত তিনি। তবে মাঝে বেশ কিছুদিন পর্দায় তাঁর অনুপস্থিতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে সমাজমাধ্যমের চর্চা অনুরাগীদের মনে নানা প্রশ্ন তুলছিল। কিন্তু সমস্ত বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে, একেবারে চেনা মেজাজে ফ্লোরে ফিরলেন অভিনেতা।
এদিন সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের কামব্যাকের কথা আকারইঙ্গিতে নিজেই ঘোষণা করেন জয়জিৎ। ছবির ব্যাকগ্রাউন্ড দেখেই স্পষ্ট, কোনও শুটিংয়ের ফাঁকে চিত্রনাট্যে মন দিয়েছেন তিনি। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তাঁর ক্যাপশন। অভিনেতা লিখেছেন, "২ বছর পর আবার ফিরলাম। আটকে রাখার লোকটা এখন নিজেই আটকে আছে গরাদের ওপারে। কোথায় কবে কখন ক্রমশঃ প্রকাশ্য।" তাঁর এই বিস্ফোরক মন্তব্য টলিপাড়ার ভেতরে থাকা কোনো প্রভাবশালী সমীকরণ বা তাঁর কাজে বাধা দেওয়ার নেপথ্যে থাকা কোনো ব্যক্তির দিকেই সরাসরি ইঙ্গিত করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সূত্র মারফত আজকাল ডট ইন জানতে পেরেছে , আজ থেকেই একটি প্রথম সারির বাংলা বিনোদন চ্যানেলে নতুন মেগা ধারাবাহিকের শুটিং শুরু করে দিয়েছেন জয়জিৎ। আর এই কামব্যাকের নেপথ্যে রয়েছেন বাংলা টেলিভিশনের এক বিপুল সফল ও ‘মিডাস টাচ’ খ্যাত প্রথম সারির প্রযোজক, যাঁর একাধিক ধারাবাহিক এই মুহূর্তে টিআরপি তালিকায় রাজত্ব করছে।
তবে আর পাঁচটা চেনা ছকের সাংসারিক কূটকচালি বা ফ্যামিলি ড্রামা নয়, এই নতুন মেগাটির গল্প গড়ে উঠেছে সমাজের নানাবিধ জ্বলন্ত ও প্রাসঙ্গিক সমস্যাকে কেন্দ্র করে। অভিনেতা ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, জয়জিতের চরিত্রটি এখানে প্রথাগত ‘নায়ক’-এর না হলেও, গল্পে এর গুরুত্ব অপরিসীম। চরিত্রটির মধ্যে রয়েছে অনেকগুলো শেডস বা স্তর। নির্মাতাদের আশা, ধারাবাহিকটি সম্প্রচারিত হওয়ার পর জয়জিতের এই নতুন অবতারটি আজকের তরুণ প্রজন্মের দর্শকদের মনেও আলাদা জায়গা করে নেবে।
কোন চ্যানেলে, কোন চরিত্রে এবং কবে থেকে তাঁকে দেখা যাবে— তা নিয়ে এখনই খোলসা করতে নারাজ সেই সূত্র। তাঁর ভাষায়, সবটাই এখন "ক্রমশ প্রকাশ্য"। তবে অভিনেতার এই জমাটি প্রত্যাবর্তন যে বাংলা টেলিভিশনের পর্দায় নতুন সমীকরণ তৈরি করতে চলেছে, তা বলাই বাহুল্য।















