সংবাদসংস্থা মুম্বই: ৯০ দশকে শাহরুখ খানের লিপে গান মানেই ছিল অভিজিৎ ভট্টাচার্যের গান। কিন্তু অভিজিৎ এবং শাহরুখের মনোমালিন্যের ১৭ বছর কেটে গেলেও আজও একসঙ্গে কাজ করেননি এই জুটি। অভিজিতের গান না থাকায় শাহরুখের কি জনপ্রিয়তা কমে গেছে? এই বিষয়ে মুখ খুললেন গায়ক।
অভিজিতের কথায়, "আমার সঙ্গে শাহরুখের মনোমালিন্য হয়েছিল বহুদিন আগে। তবে যেহেতু আমি ওর থেকে কিছুটা বড় তাই আমি আশা করেছিলাম ও আমার কাছ থেকে ক্ষমা চাইবে। আমাকে একবার হলেও ও জড়িয়ে ধরবে। কিন্তু এত বছর কেটে গেলেও তা হয়নি। আমার রাগ হয়নি বরং খুব কষ্ট হয়েছে।"
এরপর তিনি আরও বলেন, "'তুমহে জো ম্যায়নে দেখা' গানের জন্য দুবাইতে গিয়েছিলাম পুরস্কার নিতে। মঞ্চ থেকে নামার সময়ে শাহরুখের দুই সমসাময়িক তারকা ডেকে বলেছিলেন, 'তুই ওই তোতলার জন্য গান করিস না?' এটা শুনে আমি চমকে যাই। আমি ভাবলাম, এদের কি হিংসে হচ্ছে! আমি তো গান গেয়ে পুরস্কার পেয়েছি। এই অভিজ্ঞতার পরে প্লেব্যাক গান গাওয়ার উপর থেকে আমি আগ্রহ হারিয়ে ফেলি। ঠিক করি, নিজের মতো কিছু করব। এরপর নিজের গান ও মঞ্চের অনুষ্ঠানে মন দিই আজও সেটাই এখনও ভাল লাগে আমার।"
