জনপ্রিয় তাজিকিস্তানি গায়ক এবং সোশ্যাল মিডিয়া তারকা আব্দু রোজিক ‘বিগ বস ১৬’ নিয়ে এক ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন। সলমন খানের সঞ্চালনায় জনপ্রিয় এই রিয়্যালিটি শো-তে অংশ নিলেও, তিনি নাকি প্রাপ্য পারিশ্রমিক পাননি। আব্দুর দাবি, তাঁর তৎকালীন ম্যানেজমেন্ট টিম তাঁকে রীতিমতো প্রতারণা করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দু জানান, তিন-চার বছর ধরে তিনি যে টিমটির সঙ্গে কাজ করেছিলেন, তাঁরাই তাঁর উপার্জিত অর্থ আত্মসাৎ করেছেন। আবদুর কথায়, “মানুষ আমাকে কোটিপতি মনে করে, কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। ক্যামেরার সামনে হাসিখুশি থাকলেও, ব্যক্তিগত জীবনে আমি অনেক সমস্যার সম্মুখীন হই। এমনকী আমার নিজের বাড়ি বা গাড়িও নেই।” 

তিনি আরও বলছন, “বিগ বস ১৬-এর জন্য আমি এক ডলারও পাইনি। তারা আমাকে বাজেভাবে ঠকিয়েছে।”

আব্দু রোজিক মনে করেন, তাঁর উচ্চতার কারণে মানুষ তাঁকে অবহেলা করে এবং তাঁকে সহজে বোকা বানানো যাবে বলে মনে করে। কর্মক্ষেত্রেও তিনি বৈষম্যের শিকার হন। অনেক সময় ব্যবসায়িক আলোচনার ক্ষেত্রে সরাসরি তাঁর সঙ্গে কথা না বলে তাঁর টিমের সঙ্গে কথা বলা হয়, যেন তিনি কিছু বোঝেন না। এই তিক্ত অভিজ্ঞতাই তাঁকে মানুষের ওপর ভরসা করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক করে তুলেছে।

শো-তে সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে আব্দু বলেন, সলমন তাঁর কাছে পরিবারের সদস্যের মতো, একজন বড় ভাই এবং শিক্ষকের মতো। রিয়্যালিটি শো-তে তাঁদের অম্লমধুর সম্পর্ক দর্শকদের নজর কেড়েছিল। কিন্তু এবার আব্দুর এই অভিযোগ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।