সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ফের বড়পর্দায় আসছে না 'থ্রি ইডিয়টস'!
সম্প্রতি রটে যায় বড়পর্দায় পুনরায় মুক্তি পাচ্ছে 'থ্রি ইডিয়টস'। সিজেপি আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন নিয়ে যখন দেশ তোলপাড় তখনই আচমকা রটে গিয়েছিল আমির খান অভিনীত এই ছবিটি নাকি মুক্তির ১৭ বছর পর পুনরায় বড়পর্দায় আসছে। এবার ছবির প্রযোজক জানালেন এই রটনা সত্যি নয়। ভুয়ো খবর। মোটেই পুনরায় মুক্তি পাচ্ছে না 'থ্রি ইডিয়টস'। কী রটেছিল? ৪ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের ঠিক মুখেই ছবিটি বড়পর্দায় আসার কথা জানা গিয়েছিল। এদিন বিধু বিনোদ চোপড়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, 'একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে থ্রি ইডিয়টস আবারও ৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। সেই বিষয়ে বিধু বিনোদ চোপড়া ফিল্মস জানাচ্ছে যে এই রিপোর্টগুলো সম্পূর্ণ ভুয়ো।'
মুক্তি পেতেই শোরগোল ফেলল বিজয়ের 'জন নয়াগন'
বিজয়ের শেষ ছবি 'জন নয়াগন' অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে মুক্তি পেল বড়পর্দায়। আর সেই উপলক্ষ্যে তামিল নাড়ু জুড়ে যেন উৎসব শুরু হয়ে গিয়েছে! বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় উদযাপন, পারফরমেন্স, ড্রোন শো, ইত্যাদির আয়োজন করা হয়েছে এই ছবির মুক্তিকে কেন্দ্র করে। প্রথম দিনই তামিল নাড়ুতে 'জন নয়াগন' ছবির সমস্ত শো হাউজফুল। আর বিজয়ের এই শেষ ছবি নিয়ে উন্মাদনা যে কেবল তাঁর ভক্তরা করছেন সেটাই নয়, তাঁর দল টিভিকের তরফেও নানা আয়োজন করা হয়েছে।
মধ্যরাতে চর্চিত প্রেমিকের সঙ্গে যন্তর মন্তরে হুমা
এদিন মধ্যরাতে চর্চিত প্রেমিক রচিত সিংয়ের সঙ্গে যন্তর মন্তরে আসেন হুমা কুরেশি। যোগ দেন সিজেপির আন্দোলনে। পাশে দাঁড়ান ছাত্রদের। তাঁদের সঙ্গে ছিলেন অভিনেত্রীর ভাই সাকিব সেলিম। প্রসঙ্গত, বিগত মাসখানেক ধরে ককরোচ জনতা পার্টির তরফে যন্তর মন্তরে অবস্থান করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে। নিটের প্রশ্ন পত্র ফাঁস এবং তার জেরে ২০ জন ছাত্রের মৃত্যুর পর এই দাবি উঠেছে। সোনম ওয়াংচুক একই দাবি তুলে অনশনে বসেছিলেন। গত ২০ জুলাই তাঁদের তরফে সংসদ চলো অভিযানের ডাক দেওয়া হয়। ইতিমধ্যেই এই আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন একাধিক বলিউড তারকা। সলমন খান, আলিয়া ভাট, শাবানা আজমি, প্রকাশ রাজ, অমল পরাশর, পুনম পাণ্ডে, প্রমুখ তাঁদের সমর্থন জানিয়েছেন।
















