সম্প্রতি ছোটপর্দার চেনা মুখ ইভা গ্রোভার তাঁর প্রাক্তন স্বামী তথা আমির খানের সৎ ভাই হায়দার আলি খানের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছে। অভিনেত্রী জানিয়েছেন তাঁর প্রাক্তন স্বামী তাঁকে জোর করতেন, বাধ্য করতেন পরিচালকদের শয্যাসঙ্গিনী হওয়ার জন্য। তিনি না বললেও শোনা হতো না বলেই জানান এদিন ইভা।
একটি সাক্ষাৎকারে সদ্যই ইভা জানিয়েছেন হায়দার তাঁকে অন্য পুরুষদের সঙ্গে শোয়ার জন্য জোর করতেন। অভিনেত্রীর কথায়, 'উনি এমন কথা বলেছিলেন খুব জোর, জবরদস্তি করতেন এই বিষয়ে আমার সঙ্গে।' পরিচালক বা প্রযোজকদের শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাবও কি তাঁর প্রাক্তন স্বামী তাঁকে দিতেন কাজ পাওয়ার জন্য? এই প্রশ্নের জবাবে ইভা বলেন, 'কাজ তো আমার কাছে সবসময়ই থাকত। কিন্তু মাঝে ওই একটা ফেজ এসেছিল যখন আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম। সেই সময় আমার সমস্ত ফিক্সড ডিপোজিট ভাঙাতে হয়েছিল, গাড়ি বেচে দিয়েছিলাম। আর সবই করেছিলাম ওই পরিবারের জন্য। সেই সময় উনি আমায় এই প্রস্তাব দেন। পরিচালক, প্রযোজকদের সঙ্গে শুতে বলেন।'
ইভা এদিন আরও বলেন, 'আমার কাছে এরকম একাধিক প্রস্তাব আসত, বড় বড় প্রপোজাল আসত। অভিনেত্রীদের কাছে তো এরকম প্রস্তাব আসেই। তখন আমার প্রাক্তন স্বামী আমায় বলেন কী ফারাক পড়বে? করো, তোমাকে করতেই হবে। ঘর চালাতে হবে, ইলেকট্রিক বিল বেড়ে গিয়েছে, ওটা দিতে হবে, বাচ্চাকে মানুষ করার জন্য টাকা লাগবে। ওর এই কথাই যথেষ্ট ছিল। তারপর আমি আর পিছু ফিরে দেখিনি। সম্পর্ক ভেঙে বেরিয়ে আসি।'
তবে প্রাক্তন স্বামীর নামে একাধিক অভিযোগ আনলেও ইভা জানিয়েছেন হায়দার আলি খান বর্তমানে মোটেই ভাল নেই। তাঁর কথায়, 'বর্তমানে হায়দারের অবস্থা একদমই ভাল না। না ওর কোনও থাকার জায়গা আছে, না খাবার। দু' মুঠো খাবারের জন্যও ওকে লড়াই করতে হয়। কখনও কখনও কেউ ওকে নিজের বাড়িতে রাখেন, সেই দিনগুলো বস্তির কোনও ঘরে কাটায়, কখনও কোনও বন্ধু সাহায্য করে। আমার খুবই খারাপ লাগে। যা হয়েছিল আমাদের মধ্যে সেটা অতীত। কিন্তু একটা সময় তো ও আমার স্বামী ছিল। ওর চারপাশে এমন বহু মানুষ ছিল যাঁরা ওকে ক্রমাগত মদ খাইয়ে যেত। মদ্যপান করায় উসকানি দিত। এখন ওকে দেখার জন্য আর কেউ নেই। আমি শুধু চাই ও যেন শান্তিতে ভাল থাকে। অনেক কষ্ট পেয়েছে।'
ইভা গ্রোভার কথা প্রসঙ্গে এদিন তাঁর দাম্পত্যের কথাও বলেন। জানান হায়দার ডিজফ্রেনিয়ার রুগী ছিলেন। অভিনেত্রী যে নিদারুণ অত্যাচার সহ্য করেছিলেন এই বিয়েতে সেটাও জানান সকলকে।
















