বলিউড সুপারস্টার আমির খান এবং গৌরী স্প্রাটের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন জোর চর্চা। রবিবার মুম্বইয়েই আমিরের বাসভবনে একটি ঘরোয়া অনুষ্ঠানে তাঁরা আইনি বিয়ে সম্পন্ন করেছেন। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে— বিয়ের পর গৌরী কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?
উল্লেখ্য, আমির খানের প্রাক্তন দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও, বিয়ের পরেও নিজেদের ধর্ম অনুসরণ করেছিলেন। তাঁদের ক্ষেত্রে কোনও রকম ধর্মান্তকরণের ঘটনা ঘটেনি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আমির খান বা গৌরী স্প্রাট কেউই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। গৌরী আদৌ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি না, তা নিয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য নেই। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই সংক্রান্ত দাবিগুলো আপাতত নিছক জল্পনা ছাড়া আর কিছুই নয়।
মুম্বইয়ের প্রবল বর্ষা উপেক্ষা করেই এদিন বিশেষ দিনে উপস্থিত ছিলেন আমিরের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে দেখা গিয়েছে আমির খানের প্রথম পক্ষের দুই ছেলে-মেয়ে জুনেইদ খান ও ইরা খানকে। অভিনেতার বিয়ের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে আমির খানের আরও এক ছেলে আজাদকেও বাবার পাশে বসে থাকতে দেখা যায়। প্রসঙ্গত আজাদ আমির এবং কিরণের সন্তান। বাবার তৃতীয় বিয়েতে তাঁদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিয়ের পুরো আয়োজনটা অত্যন্ত ব্যক্তিগত রাখা হয়েছিল, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরাই আমন্ত্রিত ছিলেন। কোনও জমকালো রিসেপশন বা এলাহি আয়োজন ছাড়াই সম্পূর্ণ আইনি ও ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান।
প্রসঙ্গত, আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছরের পুরনো, তবে তাঁদের প্রেমের সূত্রপাত ঘটে বছর দুয়েক আগে। নিজের ৬০ তম জন্মদিনে গৌরীকে প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দেন আমির। এবার কাছের মানুষদের সাক্ষী রেখে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে আইনি বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের পর আমির-গৌরীর আবেগঘন মুহূর্ত এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
















