আয়ুষ্মানের ‘প্রেম’


দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান! বহু প্রতীক্ষিত ঘোষণার দিন এসে গেল। রাজশ্রী প্রোডাকশনস এবং মহাবীর জৈন ফিল্মস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল সুরজ বরজাতিয়ার নতুন ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’-র। পরিচালক সুরজ বরজাতিয়া মানেই পারিবারিক বিনোদনের এক উৎসব। ‘উঁচাই’ ছবির জাতীয় পুরস্কারজয়ী পরিচালক এবার আসছেন আরও বড় ধামাকা নিয়ে।সুরজ বরজাতিয়ার সিনেমা মানেই ‘প্রেম’ নামের সেই আইকনিক চরিত্র, যা আজও দর্শকদের মনে গেঁথে আছে। দীর্ঘ ১২ বছর পর সেই চরিত্রটি আবারও বড় পর্দায় ফিরছে। তবে এবার বড় চমক—আইকনিক এই চরিত্রে সলমন খানের পরিবর্তে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে! প্রথমবার এই চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান। তাঁর বিপরীতে দেখা যাবে শর্বরীকে। এই নতুন জুটি নিয়ে ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
রাজশ্রী প্রোডাকশনস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দীপাবলির পরেই এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।

 

 

কবে আসছে ‘আওয়ারাপন ২’ ?

বলিউডের অন্যতম জনপ্রিয় এবং আবেগতাড়িত ছবি ‘আওয়ারা আপন’। সেই ছবির সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন লক্ষ লক্ষ ভক্ত। অবশেষে সব প্রতীক্ষার অবসান। বিশেষ ফিল্মস সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করল ‘আওয়ারা আপন ২’ মুক্তির তারিখ। ১৪ অগাস্ট, ২০২৬-এ মুক্তি পেতে চলেছে ছবিটি। এই ছবির হাত ধরেই দীর্ঘ প্রতীক্ষার পর ফের জুটি বাঁধছেন পরিচালক-প্রযোজক বিশেষ ভাট এবং অভিনেতা ইমরান হাশমি।   ‘আওয়ারা আপন’ মানেই ইমরান হাশমির ক্যারিয়ারের এক মাইলফলক। সেই ছবির সিক্যুয়েলে দিশা পটানির অন্তর্ভুক্তি ছবিটিকে আরও বড় ক্যানভাসে নিয়ে গিয়েছে। ১৪ আগস্ট, ২০২৬-এর তারিখটি এখন থেকেই ভক্তদের ক্যালেন্ডারে লাল কালিতে দাগ কাটা হয়ে গিয়েছে।

 

আমিরের ‘মটকা’ প্রশংসা

১৭ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার পর থেকেই নাগরাজ মঞ্জুলের পরিচালনায় ‘মটকা কিং’ নিয়ে নেটপাড়ায় চর্চার শেষ নেই। সত্তর দশকের বম্বে প্রেক্ষাপটে তৈরি এই সিরিজটি শুধু দর্শকদের মনই জয় করেনি, বরং বলিউড তারকাদেরও বিশেষ নজর কেড়েছে। বিজয় ভার্মার অনবদ্য অভিনয় এবং নাগরাজ মঞ্জুলের নির্মাণশৈলী নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত বি-টাউন। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘রতন ক্ষেত্রি’ (মটকা কিং)-এর ভূমিকায় বিজয় বর্মার অভিনয় দেখে মুগ্ধ আমির খান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “পুরো টিমকে অনেক অনেক অভিনন্দন। রতন ক্ষেত্রি এমন একটি চরিত্র, যা আমি নিজেও অভিনয় করতে খুব ভালোবাসতাম। বিজয় নিশ্চয়ই দুর্দান্ত কাজ করেছে। আমি ‘এক দিন’ ছবির মুক্তির পরেই এটি অবশ্যই দেখব। সিরিজটি নিয়ে দারুণ সব কথা শুনছি।”