বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান সিনেমা জগতে তাঁর সততা এবং খুঁতখুঁতে স্বভাবের জন্য সুপরিচিত। সম্প্রতি মুম্বইয়ের ‘হুইশলিং উডস ইন্টারন্যাশনাল’-এ আয়োজিত স্ক্রিন অ্যাকাডেমি মাস্টারক্লাসে এসে অভিনেতা নিজের এই স্বভাবেরই এক মজাদার অথচ নির্মম সত্য প্রকাশ করলেন। আমির অকপটে স্বীকার করেছেন যে, তিনি অন্য পরিচালকদের ছবির প্রিভিউ বা টেস্ট স্ক্রিনিংয়ে যাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। কারণ, ছবি খারাপ হলে তিনিবানিয়ে বানিয়ে ভাল বলতে পারেন না, মিথ্যে প্রশংসা করতে পারেন না। ফলে তাঁর আসল প্রতিক্রিয়া মুখের অভিব্যক্তিতেই ধরা পড়ে যায়।

 

মাস্টারক্লাসের সেশনে আমির খান জানান, শৈশব থেকেই তিনি সিনেমা দেখার তুলনায় বই পড়তেই বেশি ভালবাসেন। অন্যের ছবির স্ক্রিনিং এড়িয়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, “আমি খুব কম সিনেমা দেখি, যা শুনতে হয়তো অদ্ভুত লাগতে পারে। কিন্তু ছোটবেলা থেকেই আমার এই অভ্যাস। আমি কোনওদিনই ছবির দর্শক হিসেবে দারুণ সক্রিয় ছিলাম না, তবে হ্যাঁ আমি প্রচুর বই পড়ি। আর এই প্রিমিয়ার, টেস্ট স্ক্রিনিংয়ে সিনেমা না দেখার অন্যতম কারণ হল— আমি মিথ্যে বলতে পারি না। কেউ যদি আমাকে স্ক্রিনিংয়ের পর জিজ্ঞেস করে সিনেমাটা কেমন লেগেছে, আমি হয়তো সরাসরি বলে দেব— ‘অত্যন্ত বাজে ছবি ভাই, বোর হয়ে গেলাম', শুধু তাই নয়, এই ব্যাপারটা আমার মুখে স্পষ্ট ফুটে উঠবে।”

আমির আরও যোগ করেন, ছবি মুক্তির ঠিক এক সপ্তাহ আগে পরিচালকরা সাধারণত বলিপাড়ার সহকর্মীদের ডেকে ছবি দেখান। ওঁর মতে, একদম শেষ মুহূর্তে এই ধরণের নির্মম প্রতিক্রিয়া দিয়ে কোনো লাভ হয় না। কারণ, তখন ছবির কোনও বড় পরিবর্তন করা সম্ভব নয়, উল্টে পরিচালকের রাতের ঘুম উড়ে যাবে।

 

 

সাক্ষাৎকারে আমির খান প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের দেওয়া একটি মজাদার পরামর্শের কথা স্মরণ করেন। আমির জানান, জাভেদ আখতার একবার ঠাট্টা করে খারাপ ছবির হাত থেকে বাঁচতে একটি কূটনৈতিক সংলাপ শিখিয়েছিলেন। কোনও বাজে ছবি দেখার পর পরিচালক মতামত জানতে চাইলে বলতে হবে— “ইউ হ্যাভ আউটডান ইয়োরসেলফ” অর্থাৎ তুমি নিজেকেও ছাড়িয়ে গিয়েছ! আমিরের ব্যাখ্যা, “এর অর্থ দুটো হতে পারে। হয় তুমি এত ভাল ছবি বানিয়েছ যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে, অথবা তুমি আগে এতই খারাপ ছবি বানিয়েছ যে এবার সেই খারাপের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছ! এটার যেকোনও অর্থই বের করা যায়।”

পাশাপাশি নতুন ও উঠতি পরিচালকদের উদ্দেশ্যে আমিরের পরামর্শ— টেস্ট স্ক্রিনিংয়ের সময় দর্শকের রিভিউ শুনে ডিফেন্সিভ বা আক্রমণাত্মক হওয়া উচিত নয়। কারণ পরিচালক যুক্তি দেখাচ্ছেন বা রেগে যাচ্ছেন বুঝলে দর্শকরা সততার সাথে আসল খামতিগুলো বলা বন্ধ করে দেন।

আমির খানকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘সিতারে জমিন পর’ ছবিতে। তবে ওঁর আগামী প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই বলিপাড়ায় তুমুল আলোড়ন তৈরি হয়েছে। রাজকুমার হিরানির পরিচালনায় আসতে চলেছে অল-টাইম ব্লকবাস্টার ‘৩ ইডিয়টস’-এর বহুপ্রতীক্ষিত সিক্যুয়েল। ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে এবং এটি নিশ্চিত করা হয়েছে যে মূল ত্রয়ী— আমির খান (র্যা ঞ্চো), আর মাধবন (ফারহান) এবং শারমন জোশি (রাজু) আবারও এই দ্বিতীয় ভাগেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন।