আমের মরশুমে নির্ঘাত জমিয়ে গরমের রাজার স্বাদ নিচ্ছেন? পাশাপাশি আম ডাল, আমের টক বা চাটনি, অন্যান্য পদও নিশ্চয় আছে? কিন্তু কখনও কি কাঁচা আম দিয়ে পাবদা মাছের ঝাল খেয়েছেন? জেনে নিন মাত্র ১০ মিনিটে সহজে ও চেনা উপকরণ দিয়ে কীভাবে বানাবেন এই পদ।

আম পাবদা বানাতে কী কী লাগবে আগে জেনে নিন। কাঁচা আম আর পাবদা মাছ তো লাগবেই। সঙ্গে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, শুকনো লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল লাগবে।

এবার সবার আগে দুটো ছোট সাইজের কাঁচা আম ভাল করে ধুয়ে পুড়িয়ে নিন। সঙ্গে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা এবং কয়েক কোয়া রসুন পুড়িয়ে নিন। এবার আম ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে পাল্প বের করে নিন। এবার এই আমের পাল্প, পোড়ানো লঙ্কা, রসুন মিক্সির বাটিতে নিন। সঙ্গে নিন ২-৩ টি শুকনো লঙ্কা, এক টুকরো আদা। এবার সবটা সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিন। 

অন্যদিকে পাবদা মাছগুলো ভাল করে ধুয়ে নুন, হলুদ এবং তেল মাখিয়ে ম্যারিনেট করুন। তারপর হালকা করে ভেজে তুলে নিন। 

এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিন। তেল গরম হয়ে এলে তাতে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মিশ্রণটি দিয়ে দিন। ভাল করে নেড়ে নিন। কাঁচা গন্ধ চলে গেলে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং সামান্য চিনি দিয়ে আবার ভাল করে কষান। মশলার কাঁচা গন্ধ চলে গেলে সামান্য জল দিন। সঙ্গে দিয়ে দিন ভেজে রাখা মাছগুলো। ঢাকা দিয়ে অন্তত মিনিট ৬-৭ ফুটিয়ে নিন কম আনছে। ঝোল গা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। 

এবার এটিকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। গার্নিশ করার জন্য কাঁচা আমের টুকরো ব্যবহার করতে পারেন।