আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যখন বারবার প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস, ঠিক সেই আবহেই এবার আইনি লড়াইয়ের পথে হাঁটল জোড়াফুল শিবির। রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীনই পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে কার্যত যুদ্ধ ঘোষণা করল এআইটিসি। পুলিশ পর্যবেক্ষক পরমার স্মিত পুরুষোত্তমদাসের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে রিট পিটিশন। এই ঘটনায় শাসক দলের স্পষ্ট অভিযোগ, খোদ নির্বাচনী পর্যবেক্ষকই গোপন আঁতাঁত রাখছেন বিরোধী শিবিরের সঙ্গে, যা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে বড় অন্তরায়।

?ref_src=twsrc%5Etfw">April 22, 2026

তৃণমূলের পক্ষ থেকে যে পিটিশন দাখিল করা হয়েছে, তাতে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আনা হয়েছে। অভিযোগের তির মূলত দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক পরমার স্মিত পুরুষোত্তমদাসের দিকে। জানা গেছে, নির্বাচনের বিধি অনুযায়ী ওই অফিসারের থাকার কথা ছিল আলিপুরের আইপিএস মেসে। কিন্তু প্রোটোকল ভেঙে গত ২০ এপ্রিল তিনি ডায়মন্ড হারবারের সাগরিকা টুরিস্ট লজে রাত কাটান। অভিযোগ উঠেছে, সেখানেই ওই রাতে ১৪২-মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌড় ঘোষের সঙ্গে এক গোপন বৈঠকে মিলিত হন তিনি। 

তৃণমূল কংগ্রেস শুধু মৌখিক অভিযোগেই থেমে থাকেনি, বরং তাদের দাবির সপক্ষে শক্তিশালী প্রমাণ হিসেবে একটি সিসিটিভি ফুটেজও সামনে এনেছে। জোড়াফুল শিবিরের দাবি, ওই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কীভাবে একজন নিরপেক্ষ পদের অধিকারী হয়েও তিনি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গোপন বৈঠক করছেন। পিটিশনে উল্লেখ করা হয়েছে যে, যেখানে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের প্রধান কাজই হল স্বচ্ছতা বজায় রাখা এবং নিরপেক্ষ থাকা, সেখানে এই ধরণের আচরণ জনমানসে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। শ্রী হরি লাল চৌহানের পরিবর্তে নিযুক্ত হওয়া এই পুলিশ আধিকারিকের এমন বিচ্যুতিকে "কর্তব্যের চরম অবমাননা" বলে অভিহিত করেছে তৃণমূল। এখন দেখার, আদালতের হস্তক্ষেপে এই নির্বাচন পর্বে পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে জল কতদূর গড়ায়।