আজকাল ওয়েবডেস্ক: রবিবার পূর্ব বর্ধমানে 'রোড শো' চলাকালীন সাধারণ মানুষের উচ্ছ্বাসে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হলেও সামান্য 'সমস্যা'র মুখে পড়লেন মমতা ব্যানার্জি। তবুও তা উপেক্ষা করেই তিনি ফের প্রচারে মনোনিবেশ করেন।
এদিন বর্ধমান শহরে মুখ্যমন্ত্রীর রোড শো কার্যত জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দুই ধারে উপচে পড়া ভিড়, উৎসাহী মানুষের ঢল,সব মিলিয়ে আবেগে ভাসতে দেখা যায় মমতাকে। কোথাও তিনি মহিলাদের সঙ্গে হাত মেলান, কোথাও দলীয় কর্মীদের দেওয়া উত্তরীয় ও ছবি গ্রহণ করেন, আবার কোথাও শিশুদের কাছ থেকে ভালোবাসার গোলাপ নেন।
তবে এই উচ্ছ্বাসের মাঝেই জিটি রোডের বীরহাটায় ঘটে সামান্য ছন্দপতন। জানা গিয়েছে, মহিলাদের সঙ্গে হাত মেলানোর সময় কয়েকজন আবেগপ্রবণ মহিলা তাঁকে কাছে পেয়ে হাত ধরে টান দেন। পরিস্থিতি দ্রুত সামাল দেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, এই ঘটনায় সামান্য চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি স্বাভাবিক হয়ে পুনরায় প্রচার শুরু করেন।
সকাল থেকেই রোড শো ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে জেলা পুলিশ। শহর কার্যত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ স্পন্দন কমপ্লেক্স থেকে বীরহাটা পর্যন্ত দলীয় প্রার্থী খোকন দাসের সমর্থনে এই রোড শো করেন মমতা ব্যানার্জি।















