আজকাল ওয়েবডেস্ক:‌ রাজ্যে দুই দফায় হতে চলেছে বিধানসভা ভোট। ২৯৪ আসনের বিধানসভায় প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল ১৫২ আসনে। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে ১৪২ আসনে।


ইতিমধ্যেই প্রথম দফার মনোনয়ন জমা ও স্ক্রুটিনির কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৯ এপ্রিল। মনোনয়ন খুঁটিয়ে দেখার কাজ হয়েছে গত ১০ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল গত ১৩ এপ্রিল দুপুর তিনটে পর্যন্ত। সেই সময়সীমা শেষ হয়েছে।


অবশেষে নির্বাচন কমিশন জানিয়েছে, এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে লড়াই করছেন ২৯২৬ জন প্রার্থী। তার মধ্যে প্রথম দফার নির্বাচনে ১৫২ আসনে প্রার্থীর সংখ্যা ১৪৭৮। আর দ্বিতীয় দফায় ১৪২ আসনে প্রার্থীর সংখ্যা ১৪৪৮। জানানো হয়েছে, কমিশনের অ্যাপে সমস্ত প্রার্থীর বিবরণ জানতে পারবেন ভোটদাতারা।

আপাতত, শেষ মুহূর্তের প্রস্তুতিতে রয়েছে সব দল। প্রথম দফার ভোটের আগে হাতে রয়েছে আর মাত্র ৯ দিন। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাত আটটায় দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।


যা জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ দলের সমস্ত প্রার্থী, বর্ষীয়ান নেতৃত্ব ও সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক। সম্ভবত প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের শেষ মুহূর্তের নির্বাচনী স্ট্র্যাটেজি সাজিয়ে দিতে পারেন অভিষেক। 

এদিকে, মঙ্গলবারও একাধিক জনসভা রয়েছে মমতা ও অভিষেকের। কোচবিহারে রোড শো’‌র পাশাপাশি ময়নাগুড়িতে জনসভা রয়েছে অভিষেকের। মমতার জনসভা রয়েছে পিংলা, তমলুক ও জগৎবল্লভপুরে।