আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে তুঙ্গে প্রচার কর্মসূচি। রবিবার নওদা, সন্দেশখালির জনসভার পর, সোমবার ঝালদায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত মাহাতোর হয়ে জনসভা করেন অভিষেক।
সূত্রের খবর, প্রচার সেরেই, সোম বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, বিকেল পাঁচটার সময় সিইও অফিসে যাবেন তিনি।
যদিও কী নিয়ে আলোচনা করবেন অভিষেক, তা এখনও স্পষ্ট হয়নি। এর আগেই এদিন ঝালদায় সভা করেন অভিষেক। সভা থেকে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরেন, তেমনই তিনি একহাত নেন বিজেপিকেও। অভিষেক এদিন বলেন, 'বিজেপিতে আপনারা কোনও ভালো মানুষ পাবেন না—আছে শুধু ঠগ আর মিথ্যাবাদী।' তারপরেই বলেন, 'যদি তারা প্রমাণ করতে পারে যে বিজেপি আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা বা অন্য কোনও উন্নয়ন প্রকল্পে এক টাকাও দিয়েছে, তাহলে এআইটিসি-র ২৯১ জন প্রার্থীই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তাঁদের মনে রাখতে হবে যে, আপনাদের ভোট নেওয়ার পর, তারা আপনাদের ন্যায্য পাওনা বন্ধ করে দিয়েছে। তারা আবার জিতলে গরীবরা কষ্ট পাবে। এআইটিসি জিতলে আপনারা লাভবান হবেন। আমাদের দল শুধু আপনাদের মুখে হাসি ফোটাতে চায়।'
সঙ্গেই তিনি বলেন, 'আপনার নির্বাচিত প্রতিনিধিরাই আপনার ন্যায্য পাওনা আটকে দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখছে। নোটবন্দী, লকডাউন এবং এলপিজির জন্য তারাই আপনাকে লাইনে দাঁড় করায়। তারা হয়তো এখন এলপিজির দাম বাড়াবে না, কিন্তু নির্বাচন শেষ হলেই দাম বেড়ে ২,০০০ টাকা পর্যন্ত হতে পারে। আগে যেমন আপনাকে লাইনে দাঁড় করিয়েছিল, ভোটের দিনে লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিকভাবে তাদের জবাব দিন।'















