আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক সময়ে, একাধিকবার ঘটল একই ঘটনা। ফের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির সূচি পথে বাধ সাধল খারাপ আবহাওয়া। সময়ে সভা শেষ করে বড়ঞা থেকে নবগ্রামের দিকে রওনা দিয়েছিলেন কপ্টারে। সূত্রের খবর, খারাপ আবহাওয়ার কারণে নবগ্রামে নামতে পারেনি তাঁর কপ্টার।
১ এপ্রিল, বুধবার, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির তিনটি জনসভা রয়েছে। নানুরের প্রার্থী বিধান চন্দ্র মাঝির সমর্থনে সভা করেন বুধবার সকালে, সেখান থেকে যান বড়ঞা। সেখানে প্রার্থী প্রতিমা রজকের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকেই কপ্টারে নবগ্রাম বিধানসভার প্রার্থী প্রণব চন্দ্র দাসের সমর্থনে সভা করার কথা মমতার।
সূত্রের খবর, তিনি কপ্টারে রওনা দিলেও, নবগারমে তাঁর কপ্টার নামতে পারেনি। ফিরে যায় বড়ঞায়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, সড়ক পথে নবগ্রাম যাচ্ছেন তিনি।
প্রায় একই পরিস্থিতির মুখোমুখি হন তিনি ২৬ মার্চ। সেদিন দুটি জনসভা ছিল মমতা ব্যানার্জির। সভা শেষ করেই, বিমানে ফেরার কথা ছিল কলকাতায়। ৩টা ৩৯ নাগাদ অন্ডাল বিমান বন্দর থেকে উড়ান শুরু করে তাঁর বিমান। কিন্তু বাধ সাধে খারাপ আবহাওয়া। ফলে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মমতা ব্যানার্জির বিমান কলকাতা বিমান বন্দরে নামতে পারেনি।
তুমুল ঝড়-জলের আবহাওয়ায় মাঝ আকাশেই চক্কর কাটে তাঁর বিমান। দীর্ঘক্ষণ চক্কর কাটার পর, নির্দিষ্ট সময়ের অনেক পরে, তাঁর বিমান নামে বন্দরে। এই খারাপ আবহাওয়া একাধিক সময়ে বাধা সৃষ্টি করছে প্রার্থী প্রচারেও।
বুধবার, সারাদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণে। ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস, আগাম পূর্বাভাসে জানিয়েছে, আগামী সপ্তাহের ৬ তারিখেও ঝড়, বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে। অন্যদিকে, দক্ষিণের জেলাগুলিতে তারপর থেকে, আবহাওয়া একেবারে বিপরীত থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অত্যাধিক ভ্যাপসা গরম, আদ্রর্তার সতর্কতা। ৫ তারিখ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। তারপরেই কিছুটা বদল হবে আবহাওয়ার। ৬ তারিখ মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ঝড়-জলের সম্ভাবনা।















