আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে এবার রাজ্যের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে প্রচার চালাচ্ছে বিজেপি। সোমবার প্রবাসী বাঙালি কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বাঙালি কার্যকর্তাদের সঙ্গে নিয়ে শিল্প, শিক্ষা এবং সংস্কৃতির বিকাশের বার্তা দেন তিনি। বিজেপি রাজ্য সভাপতির দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অন্যান্য বারের মতো নয়।
এবারের নির্বাচন পরম্পরার নির্বাচন। এবারের নির্বাচনে শুধু ভারতবাসী নয়, গোটা বিশ্বের মানুষ যাঁদের এই পশ্চিমবঙ্গের সঙ্গে যোগ রয়েছে, যাঁরা প্রবাসে থাকেন তাঁরাও চাইছেন এবার পরিবর্তন হোক।
তিনি বলেন, ‘বর্তমানে রাজ্যে শিল্প, কর্মসংস্থান নেই। রাজ্য শিল্প চায়, উন্নয়ন চায়। তাছাড়া এই রাজ্যের ভবিষ্যৎ নেই।’ বড় বিনিয়োগ দরকার বলেও জানান বিজেপি রাজ্য সভাপতি।
পাশাপাশি তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বাঙালি যাঁরা বর্তমানে প্রবাসে থাকেন তাঁরাও চাইছেন পরিবর্তন হোক। এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়েও মুখ খোলেন শমীক।
একাধিক বার তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছেন, নির্বাচনের আগে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে আসে। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন। আমরা বাইরে থেকে ভোটার আনছি। কিন্তু তাঁরা বাঙালি। প্রথম দফার নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটারদের নিয়ে উত্তরবঙ্গে ইতিমধ্যেই একটি ট্রেন পৌঁছেছে। যাঁরা বাইরে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়েছিলেন তাঁদের ফেরানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণবঙ্গের জন্য অন্য চমক আছে।’ এক প্রবাসী বাঙালির বক্তব্য, ‘বর্তমানে বিজেপিই পশ্চিমবঙ্গের পরিস্থিতি ফিরিয়ে আনতে পারবে। আগে আমরা যে ভুল করেছি আর সেই ভুল করতে চাই না। আমাদের বিশ্বাস আছে বিজেপির ওপর এবং নরেন্দ্র মোদির ওপর।’















