আজকাল ওয়েবডেস্ক: বাংলায় এবার দুই দফায় বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২ আসনে হবে ভোট। দ্বিতীয় দফায় ১৪২ আসনে হবে ভোট।
প্রথম দফার ভোটের পাঁচ দিন আগে কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বাম শাসন থেকে শুরু করে তৃণমূলের ১৫ বছরের শাসনের কথা উঠে আসে শমীকের কথায়। তিনি বলেন, ‘বামেদের ৩৪ বছরের শাসনের পর ২০১১ সালে ক্ষমতায় এসেছিল তৃণমূল। একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জি। যার মধ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথাও তিনি বলেছিলেন। কিন্তু কোথায় কী?’ শমীকের অভিযোগ, ‘মমতা ব্যানার্জি সবকিছু ধ্বংস করে দিয়েছেন। কোথায় শিল্প! কোথায় চাকরি!’
শমীক আরও বলেছেন, ‘বর্তমানে বাংলায় চালের উৎপাদন কমেছে। চলে গেছে তৃতীয় স্থানে। পশ্চিমবঙ্গে আলু চাষীদের সর্বনাশ শুরু হয়ে গেছে। দিন দিন আলুর দাম বাড়ছে। শিক্ষকদের চাকরি থেকে শুরু করে এই রাজ্য সরকার এমন কোনও দপ্তরকে দুর্নীতির বাইরে রাখতে পারেনি। মাদ্রাসাতেও দুর্নীতি ঢুকে গেছে।’
বিনিয়োগ প্রসঙ্গে শমীকের দাবি, ‘এই রাজ্যে এখন কোথায় বিনিয়োগ হয়। উত্তরপ্রদেশ, ওড়িশার মতো রাজ্যে বিনিয়োগ হচ্ছে। বিজেপি সংকল্প পত্র প্রকাশ করেছে। ভোটে জিতলে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। দুর্নীতি ও ভয়মুক্ত সমাজ উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’
শমীক আরও জানান, ‘নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করাটাই আমাদের লক্ষ্য। এসআইআর নিয়ে এই রাজ্যে যা হয়েছে। তা অন্য কোনও রাজ্যে হয়নি।’
ক্ষমতায় এলে বিজেপি যে মহিলাদের পাশে থাকবে সে কথাও মনে করিয়ে দিয়েছেন শমীক। সংকল্প পত্রে মহিলা সুরক্ষায় যে সমস্ত প্রকল্পের কথা বলা হয়েছে, তা আরও একবার স্মরণ করিয়ে দেন রাজ্য বিজেপি সভাপতি।















