আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে বাঙালি অস্মিতায় জোর দিচ্ছে বিজেপি। সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে রামনবমী উপলক্ষে পুজো ঘিরে নতুন রাজনৈতিক বার্তা।

সল্টলেকে রাজ্য বিজেপি দপ্তরে রামনবমীর পুজো চলাকালীন শোনা গেল কাজী নজরুল ইসলামের লেখা ‘রঘুপতি রাম’ গানটি। রাজ্যের প্রধান বিরোধী দলের দাবি, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই বিজেপিকে ‘বাঙালি-বিরোধী’ বলে আক্রমণ করে আসছে।

সেই প্রেক্ষাপটে বাঙালি অস্মিতাকে সামনে আনতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, ‘রাম ভারত, ভারতই রাম। কেউ যদি রামকে কেবলমাত্র একটি সম্প্রদায়ের দেবতা হিসেবে তুলে ধরতে চান, তা হলে সেটা একেবারেই ভুল ব্যাখ্যা। রাম সর্বজনীন ভাবনার প্রতীক।’

তাঁর দাবি, কাজী নজরুল ইসলাম, এস ওয়াজেদ আলি কিংবা সৈয়দ মুস্তাফা আলির মতো মনীষীরাও এই সর্বজনীন ভাবনাকেই ধারণ করেছিলেন। তিনি আরও উল্লেখ করেন, এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তিত্বও গীতার দর্শনকে অন্তরে ধারণ করেছিলেন।

https://youtube.com/shorts/tA24fltD53M?si=3ktoZZb__svnlbgx

তাঁর কথায়, ‘এখানে হিন্দু-মুসলমানের বিভাজনের কোনও জায়গা নেই। বরং কেউ কেউ রামকে কেন্দ্র করে সমাজে বিভাজন তৈরি করতে চাইছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি রামের জন্মদিনে রবীন্দ্র-নজরুলকে সম্মানিত করতে চাই তাহলে কি এটাই অর্থ দাঁড়ায় নজরুল মুসলমান ছিলেন?’

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে শুধু রাজ্য বিজেপিই নয়, মোদি এবং অমিত শাহ সহ দিল্লি নেতৃত্বরাও বাঙালিদের মন জয় করতে মরিয়া। মোদি বঙ্গে সভা করতে এসে জোর দিয়েছেন বাংলা ভাষার ওপর।

তাঁর মুখে একাধিক বাংলা প্রবাদ শোনা গিয়েছে। বারবার শোনা গিয়েছে বাংলা ভাষা। এমনকী, মা-কালীর নামও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। সম্প্রতি, একটি বাংলা গানও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মোদি।

সেই পরিস্থিতিতে রাজ্য বিজেপি দপ্তরে রামনবমীর পুজোয় শোনা গেল নজরুলের গান। যা আরও বেশি করে ইঙ্গিত দিচ্ছে বাঙালি অস্মিতায় জোর দেওয়ার ব্যাপারে।

বিজেপির এই পদক্ষেপকে অনেকেই বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা হিসেবে দেখছেন। কারণ বাংলার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম উভয়ের সৃষ্টিতেই অভ্যস্ত।

সেই ঐতিহ্যকে সামনে রেখেই রামনবমীর দিনে নজরুলের গান বাজানোর মধ্যে দিয়ে একটি বৃহত্তর সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।