আজকাল ওয়েবডেস্ক: প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই হুলস্থুল কাণ্ড। ভোটগ্রহণ শুরু হওয়ার ঘণ্টা খানেক পরেই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল বচসা। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে অবস্থা আয়ত্বে আনে।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বাকচা গ্রামপঞ্চায়েতের গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া করেন জওয়ানরা।
তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলের অভিযোগ, তাঁকে দেখেই বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী, সমর্থকরা। লাঠিসোঁটা নিয়েও তেড়ে আসেন। 'চোর, চোর' স্লোগান তোলেন বিজেপির কর্মীরাই। এই বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শুনেছিলেন। তা শুনেই ২৩৪ নম্বর বুথে পৌঁছে যান। সেখানে যাওয়ার পরেই বিক্ষোভের মুখে পড়েন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তৎপর হয়ে ওঠে কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের দিকেও লাঠি নিয়ে তেড়ে যায় তারা। বর্তমানে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গেছে।
















