আজকাল ওয়েবডেস্ক: ভোটের আগে ভাঙড় বিধানসভা কেন্দ্রে নজরকাড়া ছবি। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর প্রচারে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস যেন ছাপিয়ে গেল সবকিছু। প্রার্থীকে কাছে পেয়েই তাঁকে টাকার মালা পরালেন সমর্থকরা। 

 

শুধু তাই নয়, ‘ভাঙড় বিধানসভা কেন্দ্র’ লেখা একটি ট্রফিও তাঁর হাতে তুলে দেওয়া হয়, যা ঘিরে তৈরি হয়েছে আলাদা আকর্ষণ। এই ট্রফি হাতে নিয়েই ভোগালী ২ নম্বর অঞ্চলে রোড শো করেন নওশাদ সিদ্দিকী। রাস্তাজুড়ে ভিড়, চারদিকে স্লোগান—সব মিলিয়ে গোটা কর্মসূচি যেন একেবারে উৎসবের রূপ নেয়। কর্মী-সমর্থকদের দাবি, এই উচ্ছ্বাসই আগাম জয়ের বার্তা বহন করছে।

 

প্রচারে এদিন বিশেষ চমক ছিল টাকার মালা। সাধারণত ফুলের মালা দিয়েই প্রার্থীদের স্বাগত জানানো হয়, কিন্তু ভাঙড়ে সেই ছবি একেবারেই আলাদা। ফুলের পাশাপাশি টাকার মালা পরিয়ে প্রার্থীকে বরণ করে নেন সমর্থকরা। এই দৃশ্য ঘিরে এলাকায় চর্চা তুঙ্গে উঠেছে। 

 

নওশাদ সিদ্দিকীর নির্বাচনী জনসংযোগ কর্মসূচিতে এদিন উপচে পড়া ভিড় দেখা যায়। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে রোড শোতে অংশ নেন। রাস্তায় দাঁড়িয়ে প্রার্থীকে এক নজর দেখার জন্য ভিড় জমায় সাধারণ মানুষ। 

 

এলাকাবাসীদের পক্ষ থেকেও ছিল বিশেষ আপ্যায়ন। কোথাও ফুলের মালা, কোথাও টাকার মালা, আবার কোথাও ফল বা ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয় প্রার্থীর হাতে।  

 

সব মিলিয়ে, ভাঙড় বিধানসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকীর এই প্রচার কর্মসূচি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যদিও ভোটের ফলাফল এখনও বাকি।