আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের মুখে পরপর বঙ্গ সফর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রথম দফার নির্বাচনের পরের দিনই শুক্রবার কলকাতায় গঙ্গাবক্ষে নৌকাবিহার করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

আর সেই ইস্যুতেই এদিন হাওড়ার জনসভা থেকে মোদিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাঁর বক্তব্যে উঠে আসে দিল্লির যমুনার দূষণের কথা।

সেই দূষণ ইস্যুতেই মোদিকে খোঁচা দেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'আজকে আবার উনি নৌকাবিহার করেছেন। আমি বলি, বাংলার গঙ্গা আর দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়।'

মুখ্যমন্ত্রীর কটাক্ষ, 'এটা ভোটের রাজনীতি, ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকাবিহার করেছেন ভাল করেছেন। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গাবিহার করতে করতে। আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার দিল্লিতে গিয়ে যমুনা নদীতে ডুব দিয়ে আসতে পারবেন?'

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, 'দিল্লির যমুনা কেমন জানেন তো? পুরোটাই তো দূষিত। আপনি যমুনা সামলাতে পারেন না। আবার এসেছেন আমাদের গঙ্গায় ছবি তুলতে?'

উল্লেখ্য, এদিন ক্যামেরার পিছনে দেখা যায় মোদিকে। গঙ্গাবক্ষে সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাট ভ্রমণ করলেন। প্রধানমন্ত্রীকে ক্যামেরা হাতে ছবি তুলতে দেখা যায়।

তিনি কথা বলেন নৌকার মাঝিদের সঙ্গে। কথা বলেছেন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও। সাত সকালে নৌকাবিহারের সমস্ত ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।

বাংলায় ভোটপ্রচারে কলকাতায় আছেন প্রধানমন্ত্রী মোদি। বৃহস্পতিবার কৃষ্ণনগরে সভা ছিল তাঁর। আজও একাধিক কর্মসূচি ছিল। ভোটপ্রচারের মাঝেই গঙ্গা ভ্রমণ সারলেন প্রধানমন্ত্রী।

অন্যান্য দিনের মতই শুক্রবার সকালেও যে যার মত ছিলেন প্রিন্সেপ ঘাটে। হাতে গোনা লোকজন। কেউ প্রাতঃভ্রমণে, কেউ বসে। এর মধ্যেই আচমকা তৎপরতা৷ দেখা যায় প্রধানমন্ত্রীকে।

ক্যামেরা হাতে ছবি তুললেন নিজেই। আশেপাশে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মোদি। কথা বললেন একাধিক মানুষের সঙ্গে। জনগণের দিকে হাত তুলে নমস্কার জানান।