আজকাল ওয়েবডেস্ক: ২৬ মার্চ, বৃহস্পতিবার দুটি জনসভা ছিল মমতা ব্যানার্জির। সভা শেষ করেই, বিমানে ফেরার কথা কলকাতায়। সূত্রের খবর ৩টা ৩৯ নাগাদ অন্ডাল বিমান বন্দর থেকে উড়ান শুরু করে তাঁর বিমান। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তথ্য, বাধ সেধেছে আবহাওয়া। খারাপ আবহাওয়ার আক্রণে, নির্দিষ্ট সময়ে কলকাতা বিমান বন্দরে তাঁর বিমান অবতরণ করতে পারেনি। 

 

প্রতিবেদন লেখার সময় প্রাথমিকভাবে জানা যায়, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানের অবতরণে দেরী। এই মুহূর্তে ঝোড়ো হাওয়া নেই। তাই সম্ভাবনা রয়েছে বিমানটির কলকাতায় অবতরণের। চালকের থেকে সবুজ সঙ্কেত মেলার অপেক্ষায় ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে নির্দিষ্ট সময়ের বেশকিছুটা পরে, কলকাতা বিমান বন্দরে অবতরণ হয় তাঁর বিমানের।  

 

এই প্রসঙ্গে উল্লেখ্য, হাওয়া অফিস বাংলায় ঝড়-জলের পূর্বাভাস দিয়েছে আগেই। একটানা সাতদিন ঝড়বৃষ্টি ও বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে ঝড়বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে, তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

 

এই পরিস্থিতিতেই বিপাকে পড়েন খোদ মুখ্যমন্ত্রী। এদিন তিনি পরপর দুটি জনসভা করে ফেরার সময় বাধ সাধে আবহাওয়া। মেঘাছন্ন আকাশ, ঝড়-জলের কারণে শুরু হয় সমস্যা। পরিস্থিতি বুঝে, চালক বিমান নিয়ে অবতরণ করতে পারেননি কলকাতা বিমান বন্দরে। বহুক্ষণ মাঝ আকাশেই চক্কর কাটে ওই বিমানটি। তবে এই মুহূর্তে কিছুটা পরিষ্কার আকাশ। 

 

এই প্রসঙ্গে উল্লেখ্য, নিজের কেন্দ্রে কর্মিসভা করেই, রাজ্যজুড়ে প্রার্থীদের হয়ে প্রচারে ঝাঁপিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই জেলায় জেলায় প্রচার কর্মসূচি শুরু করেছেন তিনি। দিন কয়েক আগেই সামনে এসেছিল ৩১ মার্চ পর্যন্ত মমতা ব্যানার্জির সম্ভাব্য প্রচার সূচি। সূত্রের খবর, এপ্রিলের শুরুতে, তিন দিনে ন' টি জনসভা রয়েছে মমতা ব্যানার্জির। 

সূত্রের খবর, ১ এপ্রিল নানুর এবং বহরমপুর, জঙ্গিপুরের জনসভা রয়েছে মমতা ব্যানার্জির। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২ এপ্রিল, সাগরদিঘি, সুতি এবং বৈষ্ণবনগরে তিনটি জনিসভা করতে পারেন তিনি এবং ৩ এপ্রিল মানিকচক, রতুয়া-মালতিপুর এবং গাজোল, তিনটি জনসভা রয়েছে তাঁর, সূত্রের খবর তেমনটাই।