আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকেই উত্তাল মালদহ। বৃহস্পতিবার সকাল থেকেও উত্তেজনা ছড়ায় দফায় দফায়। রাজ্যের মুখ্যমন্ত্রী প্ররোচনায় পা না দেওয়া এবং এই পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা দিয়েছেন। ঘটনার রেশ গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। এসবের মাঝেই তথ্য, মালদহ কাণ্ডে গ্রেপ্তার আইএসএফ প্রার্থী। 


তথ্য, মালদহের মোথাবাড়ি বিধানসভার আইএসএফ প্রার্থী মওলানা মহম্মদ শাহজাহান আলি কাদরীকে গ্রেপ্তার করা  হয়েছে ঘটনায়। সঙ্গেই তাঁর দুই ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে, সূত্রের খবর তেমনটাই। তথ্য, শাহজাহান আলি কাদরী-সহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনায়। 

 

এই ঘটনায় আইএসএফ জানাচ্ছে, ' এটি সম্পূর্ণ বেআইনী ও অন্যায় কাজ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই গ্রেপ্তারে তীব্র নিন্দা জানাচ্ছে ও অবিলম্বে তাঁদের মুক্তির দাবি করছে।  সম্পূর্ণ বেআইনীভাবে ভোররাতে দুই ছেলে-সহ তাঁকে বাড়ির দরজা ভেঙে পুলিশ গ্রেপ্তার করে। মনে করা হচ্ছে মনোনয়ন পত্র দাখিল আটকাতেই এই ষড়যন্ত্র। আজই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। আইএসএফ অবিলম্বে তাঁদের মুক্তির দাবি করছে ও নির্বাচন কমিশনের কাছে মওলানা কাদরীর মনোনয়ন জমা দিতে কোন অসুবিধা না হয়, সেই বিষয়ে উদ্যোগ নিতে অনুরোধ করছে।' 

 

এই প্রসঙ্গে উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায়। রাতে কয়েক ঘণ্টার জন্য অবরোধমুক্ত হওয়ার পরে ফের অবরুদ্ধ হয়ে গিয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের তরফে। বাঁশ দিয়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা। অবরোধস্থলে মোতায়েন রয়েছে মালদহ থানার পুলিশ বাহিনী। মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বুধবার যে দাবিতে কালিয়াচকে বিক্ষোভ হয়েছিল, বৃহস্পতিবারও সেই একই দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে পুরাতন মালদহ ব্লকেও। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের অনেকেরই বৈধ নথিপত্র থাকার পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে।


এই দাবিতে বুধবার সকাল থেকেই উত্তপ্ত ছিল মালদহের বিভিন্ন এলাকা। দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল জাতীয় সড়ক। ঘেরাও হয়ে থাকেন বিচারবিভাগীয় আধিকারিকরা। রাত ১২টা নাগাদ তাঁরা ঘেরাওমুক্ত হন। 

এদিকে, রাতে যে এলাকাগুলিতে বিক্ষোভ হয়েছিল বৃহস্পতিবার সকাল থেকে সেই সব এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসেছে। ১২ নম্বর জাতীয় সড়ক এবং মালদহ–মোথাবাড়ি রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় বসেছে পুলিশ পিকেট। এলাকায় মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বুধবার বিক্ষোভ হয়েছে সুজাপুর এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে। বৃহস্পতিবার পুরাতন মালদহ ব্লকে নতুন করে বিক্ষোভ শুরু হয়। 
 
&t=13s