আজকাল ওয়েবডেস্ক: উত্তাল মালদহ। ঘটনার ঠিক পরের দিনেই মালদহ পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার মুর্শিদাবাদে দুটি জনসভা করেই, মালদহে পৌঁছন মমতা। বৈষ্ণবনগরে গিয়ে মমতা বললেন, 'মালদহে কংগ্রেসিদের অত্যাচারে হল গণ্ডগোল।'
মমতা এদিন বলেন, 'আমি বলছি ক্ষোভ আছে মানুষের। আমারও ক্ষোভ আছে, সেই আক্রণেই সুপ্রিম কোর্টে গিয়ে লোরাই করেছি। কী দরকার ছিল এই রায় বেরনোর পর জাজেদের আটকে রাখা?'
মমতা সাফ বললেন, 'যাঁরা করেছেন, তাঁদের একটাকেও যেন ছাড়া না হয়।' বললেন, 'এটা আমাদের দলের কোনও পরিকল্পনা নয়। আমরা লড়ে নেব শান্তিতে। আমরা দাঙ্গার পক্ষে নই।'
মালদহে দাঁড়িয়েও মমতা বললেন, বাংলাকে বদনাম করা হচ্ছে। এর আগেও, মুর্শিদাবাদে মমতা বলেন, 'আপনারা জানেন এখন প্রশাসনিক ক্ষমতা আমার হাতে নেই। আইনশৃঙ্খলার পুরোটাই আমার হাত থেকে কেড়ে নিয়েছে।' সঙ্গেই বিজেপি কমিশনকে একযোগে বিঁধে মমতা বললেন, 'ওরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় চলে। আমার কথায় চলে না।' শুধু তাই নয়, গোটা ঘটনায় মমতা বোঝালেন আরও একটি বিষয়। বোঝালেন, এই ঘটনায় যাঁদের শো-কজ করা হয়েছে, তাঁদের নতুন করে ভোটের মুখে আনা হয়েছে বাংলায়। বললেন, 'মুখ্যসচিব, ডিজি, স্বরাষ্ট্রসচিব, সিপি সব বদল হয়েছে, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে।' নতুন মুখ্যসচিব এখনও পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করেননি, এই মালদহের ঘটনা প্রশাসনিকভাবে তাঁকে জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।
ভোটমুখী বাংলায় দফায় দফায় পারদ চড়ছে এসআইআর নিয়ে। এর আগেই মমতা খোদ টানা ধরনা দিয়েছেন। সাগরদীঘিতে দাঁড়িয়ে মমতা বললেন, 'লড়াই আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে।' একইসঙ্গে মমতার আর্জি, 'যদি আমাকে বিশ্বাস করেন, দয়া করে কোনও প্ররোচনায় পা দেবেন না। কোনও উত্তেজনায় পা দেবেন না।' মুর্শিদাবাদে দাঁড়িয়ে মমতা বললেন, 'রক্ষা করুন বাংলাকে।'
মুর্শিদাবাদে দাঁড়িয়ে কমিশনকে তীব্র কটাক্ষ করে মমতা বললেন, নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ। বললেন, 'এটা কমিশনের দোষ। কারণ, তাঁরা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের সুরক্ষা দিতে পারেনি। আমি নিন্দা করি।' সুর চড়িয়ে বললেন, পরিকল্পনা নির্বাচন বাতিল করা।
মালদহের ঘটনায় রাজ্যের নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, মালদহের জেলাশাসক রাজনবীর সিং কপূর, মালদহ পুলিশ সুপার অনুপম সিংকে শোকজের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মালদহের ঘটনাকে বিচার ব্যবস্থার ওপর ‘নির্লজ্জ হামলা’ হিসেবে জানিয়েছে।
&t=13s















