আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দফায় প্রার্থী ঘোষণা করে দিলেন 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর। বুধবার কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথম দফায় নিজের দলের প্রায় ১৩ জন প্রার্থীর নাম জানান হুমায়ুন।
সূত্রের খবর হুমায়ুনের দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আগামী ২২ মার্চ প্রকাশ করা হবে। সেই তালিকায় মোট ১৮২ জন প্রার্থীর নাম থাকতে পারে বলে জানা গিয়েছে। আসন্ন নির্বাচনে তাঁর দলের সঙ্গে 'মিম'দলের জোট হচ্ছে বলেও আজ হুমায়ুন নিশ্চিত করেছেন। কোন দল কোন আসনে লড়বে তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

তবে দলের প্রথম দফায় প্রার্থীদের নাম ঘোষণা করতে গিয়ে নিজের পূর্ব ঘোষণা থেকে সরে এসেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 
দল বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে গত বছর ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর এরপর নিজের নতুন রাজনৈতিক দল 'জনতা উন্নয়ন পার্টি' গঠন করেন। 

নতুন রাজনৈতিক দল তৈরি হওয়ার পর থেকেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছেন হুমায়ুন কবীর। নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম ইতিমধ্যেই একবার পরিবর্তন করতে হয়েছে হুমায়ুনকে। 'জনতা উন্নয়ন পার্টি 'নামে একটি রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নথিভুক্ত থাকায় হুমায়ুন কবীরের রাজনৈতিক দলের আগে এখন 'আম' শব্দ বসাতে হচ্ছে। তাঁর দলের নতুন নাম এখন 'আম জনতা উন্নয়ন পার্টি'। 

নতুন রাজনৈতিক দল ঘোষণা হওয়ার করার পর হুমায়ুন কবীর প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি মুর্শিদাবাদ জেলার দু'টি বিধানসভা কেন্দ্র- রেজিনগর এবং বেলডাঙা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও সকলকে চমকে দিয়ে বুধবার কলকাতায় হুমায়ুন নিজের রাজনৈতিক দলের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে জানিয়েছেন তিনি রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও বেলডাঙা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
তার পরিবর্তে হুমায়ুন মুর্শিদাবাদেরই বেলডাঙা সংলগ্ন নওদা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর আসন পরিবর্তন করে তৃণমূল তাঁকে বেলডাঙা আসনে প্রার্থী করেছে। বেলডাঙার বর্তমান তৃণমূল বিধায়ক হাসানুজ্জামানকে আর টিকিট দেয়নি দল।

 হুমায়ুন কবীর জানান, "এখনও আমাদের দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। সিদ্ধান্ত হয়েছে আমি নিজে মুর্শিদাবাদের দুটি আসন- নওদা এবং রেজিনগর থেকে প্রতিদ্বন্দ্বীতা করব।" 

হুমায়ুনের দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসের হায়দার মুর্শিদাবাদের কান্দি আসন থেকে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে লড়বেন। বেলডাঙা আসনে লড়ছেন দলের রাজ্য যুব সভাপতি, সৈয়দ আহমেদ কবীর। 

অন্যদিকে হুমায়ুনের ছেড়ে আসা ভরতপুর কেন্দ্র থেকে লড়বেন পীরজাদা খুবায়েব আমিন। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নজরকাড়া কেন্দ্র বহরমপুরে হুমায়ুনের দলের প্রার্থী হবেন ডাঃ আবুল হাসনাত। বর্ধমানের পূর্বস্থলী (উত্তর) আসনে হুমায়ুনের দলের টিকিট লড়বেন বাপন ঘোষ। তিনি দলের শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি। 

রয়েল ইসলাম লড়বেন মালদার রাতুয়া আসন থেকে। আবু মিন্নাত শেখ হুমায়ুনের দলের প্রতীকে মালতিপুর আসন থেকে লড়বেন। মুসকরা বিবি লড়ছেন বৈষ্ণবনগর আসন থেকে। আবু সইদ লড়ছেন মালদার মানিকচক আসনে। সুজাপুরে প্রার্থী নাসিমুন হক।

বেহালা (পূর্ব) কেন্দ্রে প্রার্থী অনুপম। মুর্শিদাবাদের ফরাক্কা কেন্দ্রে প্রার্থী ইমতিয়াজ মোল্লা। হারিহরপাড়া কেন্দ্রে প্রার্থী বিজয় শেখ। হুমায়ুন বলেন,"আমার কাছে হেরে যাবে এই ভয়ে তৃণমূল তাদের রেজিনগর কেন্দ্রের প্রার্থীর আসন পরিবর্তন করে বেলডাঙা আসনে লড়তে পাঠিয়েছে। এটা আমার নৈতিক জয়। তাই আমি ওই প্রার্থীর বিরুদ্ধে লড়তে চাইনা। সেই কারণে আমি বেলডাঙার পরিবর্তে নওদা আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।"