আজকাল ওয়েবডেস্ক: বাংলায় দু’দফায় হবে নির্বাচন। প্রথম দফা ২৩ এপ্রিল। আর দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। এদিকে, নির্বাচন কমিশন বুধবার প্রথম দফার নির্বাচনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস) বিলি করার সময় বেঁধে দিল। বুধবার কমিশন জানিয়েছে, আগামী শনিবারের মধ্যেই প্রথম দফার ভোটের সমস্ত স্লিপ বিলি করে ফেলতে হবে। ভোটগ্রহণের অন্তত পাঁচ দিন আগে ভোটাররা যেন স্লিপ হাতে পান, তা নিশ্চিত করবেন বিএলও–রা। এই স্লিপের মধ্যে বিশেষ কিউআর কোডও থাকবে।
২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের ১৫২ কেন্দ্রে হবে ভোটগ্রহণ। তার পাঁচ দিন আগে শনিবার, ১৮ এপ্রিলের মধ্যে বিএলও–দের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বিএলও–দের কাছে ভোটার স্লিপগুলির মধ্যে যে কিউআর কোড থাকবে, তার মাধ্যমে ভোটারদের তথ্য যাচাই করা যাবে। স্থানীয় ভাষায় লেখা স্লিপগুলির মধ্যে থাকবে ভোটারের নাম ও তথ্য, ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটের তারিখ, সময়, বুথের মানচিত্র। এছাড়া, ভোট দিতে গিয়ে কী করা উচিত এবং কী করা উচিত নয়, স্পষ্ট ভাবে স্লিপে উল্লেখ করা থাকবে। কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্লিপ প্রত্যেক ভোটারের হাতে পৌঁছে দিতে হবে। যাতে আগে থেকেই তাঁরা বুথ, সময় এবং অন্যান্য তথ্য জানতে পারেন।
এবার রাজনৈতিক দলগুলি স্লিপ বিলি করতে না পারলেও প্রার্থী বা তাঁদের প্রতিনিধিরা স্লিপ বিলির সময় বিএলও–দের সঙ্গে থাকতে পারবেন বলে জানিয়েছে কমিশন। গোটা প্রক্রিয়া তাঁরা পর্যবেক্ষণ করতে পারবেন।
ভোটার স্লিপ বিলি এ বার বিএলওদের জন্য বাধ্যতামূলক করেছে কমিশন। বিএলও ছাড়া বেআইনিভাবে অন্য কেউ এই স্লিপ রাখলে জনপ্রতিনিধি আইনে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কমিশন।
















