আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলা বিধানসভা কেন্দ্রে বাংলা নববর্ষের আগে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন রাজ্যের প্রখ্যাত শিশু চিকিৎসক তথা এবছর ওই বিধানসভা কেন্দ্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার আব্দুল আজিজ।
কলকাতার বিখ্যাত এসএসকেএম হাসপাতালে শিশু চিকিৎসক ডাক্তার আব্দুল আজিজের স্বচ্ছ ভাবমূর্তি এবং এলাকায় তাঁর নিজের এবং পরিবারের বিপুল জনপ্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস ফের একবার লালগোলা বিধানসভা আসনটি নিজেদের দখলে রাখতে চাইছে।
লালগোলার উন্নয়নের জন্য এবং সামাজিক অনুষ্ঠানের প্রসারে সেখানে একটি ইন্ডোর স্টেডিয়াম তৈরি, কৃষকদের সুবিধার জন্য সোলার চালিত পাম্প বসানো, সরকারি স্কুলে পরিকাঠামোর মানোন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি লালগোলার ‘ডাক্তারবাবুর’ প্রচারের মূল ‘ফোকাস’ থাকছে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা, আয়েরমারিতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোর উন্নয়ন করা এবং রাজারামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালে উন্নীত করার মতো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে।
লালগোলার দেওয়ানসরাই অঞ্চলে নির্বাচনী প্রচারের ফাঁকে আজিজ বলেন, ‘কলকাতার সব থেকে বড় এবং উন্নত সরকারি হাসপাতালে বসে চিকিৎসা করতে গিয়ে আমি বুঝতেই পারিনি আমার এলাকার মানুষ কত কষ্টে রয়েছেন। প্রখর রোদে নির্বাচনী প্রচার চালানোর ফাঁকেই সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন অভাব অভিযোগের কথা আমায় জানাচ্ছেন। একজন ডাক্তার হিসেবে তাঁদের সমস্ত কথা গুরুত্ব দিয়ে শুনছি এবং সেগুলো সমাধান করাই আমার লক্ষ্য হবে।’
এদিকে, একটু গরম পড়তেই গ্রামাঞ্চলে অনেক শিশুদের মধ্যে জ্বর–সর্দি–কাশি সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কলকাতার বিখ্যাত হাসপাতালের ডাক্তারবাবুকে গ্রামের রাস্তায় দেখতে পেয়ে অনেক মা তাঁদের সন্তানকে নিয়ে আসছেন ডাক্তার আব্দুল আজিজের কাছে চিকিৎসার জন্য। মঙ্গলবার দেওয়ানসরাই গ্রামে প্রচার চলার মধ্যেই এক মা কোলে করে তাঁর শিশুকে নিয়ে এসে তৃণমূল প্রার্থীকে বলেন, গত দু’দিন ধরে ছেলের জ্বর কমছে না এবং ঠিকমতো খাচ্ছে না। ওই শিশুকে ‘দেখে’ দেওয়ার পাশাপাশি প্রচারের ফাঁকে তিনি অন্যান্য শিশুদের চিকিৎসা এবং তাঁদের যত্ন সংক্রান্ত ছোটখাটো পরামর্শ দিচ্ছেন। ‘ঘরের ছেলে’র এই ভাবমূর্তির জন্য সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি আস্থা আরও বেড়েছে বলে বিশ্বাস তৃণমূল প্রার্থী ডাক্তার আব্দুল আজিজের।
তৃণমূল প্রার্থী বলেন, ‘লালগোলার উন্নয়নে আমার লক্ষ্য এখানে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটানো। বিশেষ করে শিশু ও মায়েদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা দরকার।’
লালগোলা বিধানসভার ভোটাররা মনে করছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর সঙ্গে জোর টক্কর হতে চলেছে কংগ্রেসের জেলা পরিষদ সদস্য তথা এবছর ওই কেন্দ্রে দলের প্রার্থী তহিদুর রহমান সুমনের।
বুধবার বাংলা নববর্ষ। তার আগে বাঙালির ঘরে ঘরে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী শুভেচ্ছা বার্তা নিয়ে মঙ্গলবার জোরদার প্রচার সারলেন ডাক্তার আব্দুল আজিজ। তিনি বলেন, ‘নির্বাচনের আগে হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। তাই আমরা এখন বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনী প্রচার করছি। এর পাশাপাশি র্যালি এবং ছোট ছোট জনসভা করেও মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরছি।’
সদ্য ত্রিশের কোঠায় পা দেওয়া তৃণমূল প্রার্থীর প্রচারে এবার লালগোলা বিধানসভা কেন্দ্রে যুবক–যুবতীদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ার মতো। তারা পোস্টার, মাইকিং এবং দরজায় দরজায় গিয়ে ডাক্তার আব্দুল আজিজের হয়ে ভোট চাইছেন। আজিজের চিকিৎসক পরিচয় তাঁকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে। এলাকার মানুষের বক্তব্য একজন প্রখ্যাত চিকিৎসক যদি জনপ্রতিনিধি হন তাহলে স্বাস্থ্য ও উন্নয়নের কাজ লালগোলায় আরও দ্রুত গতিতে এগোবে।
লালগোলাবাসীর আশীর্বাদ নিয়ে রাজ্যে বিধানসভার সদস্য এই প্রখ্যাত চিকিৎসক হতে পারেন কিনা তা জানার জন্য সকলকে ৪ মে ইভিএম বাক্স খোলা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
















