আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে প্রচারের উত্তাপ ক্রমশ বাড়ছে খড়গপুরে। এই আবহে ইন্দা এলাকায় আয়োজিত এক চা-চক্রে যোগ দিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
চা-চক্রে উপস্থিত কর্মী-সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস, সিপিআইএম এবং সিপিআই-কে কটাক্ষ করে ‘ছাগলের তৃতীয় সন্তান’-এর সঙ্গে তুলনা করেন। তাঁর দাবি, এই দলগুলি মানুষের পাশে না থেকে শুধুমাত্র বিজেপির ভোট কাটার রাজনীতিতেই ব্যস্ত।
প্রচারের মঞ্চ থেকেই আত্মবিশ্বাসী সুরে দিলীপ ঘোষ মনে করিয়ে দেন, ২০১৯ সালের নির্বাচনের ফলাফল। তিনি বলেন, সে সময় এই এলাকার মানুষ তাঁকে ৯১ হাজারেরও বেশি ভোটে জয়ী করেছিলেন। যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী মানস ভুঁইয়া পেয়েছিলেন প্রায় ৪৪ হাজার ভোট।
সেই পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, এবারেও বিজেপির জয় নিশ্চিত। বিজেপি নেতার কথায়, “এবার অন্তত এক লক্ষ ভোট পাব। জয়ের ব্যবধান হবে ৫০ হাজারেরও বেশি। মোট প্রায় দু'লক্ষ ভোট পড়বে, যার সিংহভাগই যাবে বিজেপির ঝুলিতে।”
একই সঙ্গে তিনি দাবি করেন, এলাকার মানুষের সুরক্ষা ও সমস্যা সমাধানে বিজেপিই একমাত্র ভরসাযোগ্য দল। তাঁর বক্তব্য, “খড়গপুরের মানুষ জানে বিপদে-আপদে কে তাদের পাশে থাকে।” তবে তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী শিবিরের পক্ষ থেকে এই মন্তব্যকে ‘কুরুচিকর’ বলে কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে।
দিন কয়েক আগেই দিলীপ ঘোষ আরও বির্তকিত মন্তব্য করেছিলেন। ভোটের ময়দানে খড়গপুরে ফের বিস্ফোরক বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুর টাউনের আইসি-র বিরুদ্ধে গুলি নিয়ে হুমকির অভিযোগ। মঞ্চ থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ।
বিধানসভা নির্বাচনের আগে খড়গপুরে তীব্র চাঞ্চল্য ছড়াল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ-এর বিস্ফোরক অভিযোগ ঘিরে। সকাল থেকে টানা জনসংযোগ, দুয়ারে দুয়ারে প্রচার সেরে জনসভায় উঠে কার্যত বির্তকিত মন্তব্যের ঝড় তুললেন তিনি।
খড়গপুর টাউনের থানার আইসি-র বিরুদ্ধে সরাসরি গুরুতর অভিযোগ তুলে দিলীপ ঘোষ দাবি করেন, বিজেপি কর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে তৃণমূলের হয়ে কাজ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। এমনকী, ভোটের ফলপ্রকাশের পর গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।
ভোটের মুখে এমন মন্তব্যে বাড়ছে উত্তেজনা, উঠছে ভোট-পরবর্তী হিংসার আশঙ্কাও। তবে এখানেই থেমে থাকেননি দিলীপ। মঞ্চ থেকেই কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারি দেন তিনি। সোজাসাপ্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, "ভয় দেখিয়ে দমানো যাবে না বিজেপিকে। তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।" এই ভাষাতেই আক্রমণ শানান তিনি।
স্পষ্ট বার্তা দেন, দাদাগিরির জবাব রাস্তায় নেমেই দেওয়া হবে। এদিন তৃণমূল কংগ্রেসকেও তীব্র নিশানা করেন বিজেপি প্রার্থী। অভিযোগ তোলেন, ‘গুন্ডা-মাফিয়া’র ভরসায় জিতেছে শাসকদল এবং এখনও সেই শক্তিকেই কাজে লাগানো হচ্ছে। খড়গপুরে অতীতে ‘হিসাব মেলানোর’ অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে ভবিষ্যতেও আরও কড়া জবাব দেওয়ার ইঙ্গিত দেন তিনি।
















