আজকাল ওয়েবডেস্ক: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনের ঘটনায় এই সময় উত্তাল রাজ্য রাজনীতি। বুধবার রাত থেকেই উত্তপ্ত স্থানীয় এলাকা। বৃহস্পতিবার ফের একবার রাজ্যের তৃণমূল শিবিরকে প্রবল কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘একজনের একাদশীর উপবাস চলছে। অন্যজনের অমাবস্যার উপবাস চলছে। কে কাকে স্বান্তনা দেবে? চুপচাপ কালীঘাটে বসে থাকুন। আগেও দু-তিনজন খুন হয়ে গেছেন। সরকার গেলেও অভ্যাস যায়নি পুলিশ প্রশাসনের। আর যেন রক্তপাত না হল সেটাই চাইব। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এর থেকে বাঁচার জন্য। যেহেতু নতুন সরকার দায়িত্ব নেয়নি, তাই দুষ্কৃতীরা যা ইচ্ছা তাই করছে। পুলিশকে বলব নিজেদের কাজ সঠিকভাবে করতে। আমরা সিবিআই তদন্ত চাইছি। যদি প্রশাসন সঠিকভাবে নিজের কাজ করতে না পারে তাহলে সেটাই হবে। তৃণমূল কী বলছে তা নিয়ে মানুষ ভাবতে রাজী নয়।’
দীর্ঘদিন ধরেই শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। নন্দীগ্রাম এলাকায় বাড়ি। তবে কাজের সুবিধের জন্য থাকতেন মধ্যমগ্রামের ফ্ল্যাটে। বুধবার রাতে নিজের ফ্ল্যাটে যাওয়ার সময়ই তাঁর গাড়ি থামিয়ে গুলি করে খুন করা হয়। যা নিয়ে রীতিমত আক্ষেপ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'ভবানীপুর না জিতলে হয়তো চন্দ্রনাথকে হত্যা করা হত না।'
বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের গোহাড়িয়ায় বাইকে এসে চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি চন্দ্রনাথের হৃৎপিণ্ড এফোঁড়ওফোঁড় করে দিয়ে চলে যায়। তাঁর পেটে আর মাথাতেও গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন চন্দ্রনাথের গাড়ির ড্রাইভার বুদ্ধদেব বেরা। তাকে ভর্তি করা হয়েছে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।
চন্দ্রনাথ রথের খুনি কারা? এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। প্রাথমিক অনুমান ভিনরাজ্য থেকে ভাড়টে খুন নিয়ে এসেই খুন করা করা হয়েছিল চন্দ্রনাথকে। এটি কোনও সুপারি কিলারের কাজ বলেও প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তের জন্য এসটিএফ, সিআইডি,আইবি-কে নিয়ে তৈরি হয়েছে সিট। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সিসিটিভি ফুটেজ। ঘটনাস্থল অর্থাৎ ক্রাইম সিন সিল করে রাখা হয়েছে। সেখানেও পুলিশ পাহারায় রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান চন্দ্রনাথ রথের গতিবিধি গত সাত দিন ধরেই রেইকি করেছিল আততায়ী। তারপরই তাঁকে হত্যার পরিকল্পনা করে। ভিন রাজ্য থেকে আসা সুপারি কিলার চন্দ্রনাথের অজান্তেই তাঁর পিছু নিয়েছিল। শেষপর্যন্ত বুধবারের বৃষ্টিভেজা রাতেই চন্দ্রনাথকে খুন করা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ভিন রাজ্য থেকে আসা আততায়ী খুন করেই দমদম বিমানবন্দর দিয়ে বিমানে করে পালাতে পারে। আর সেই কারণেই বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।















