আজকাল ওয়েবডেস্ক: বিজেপির পর এবার কংগ্রেস। চাপের মুখে ভোটমুখী বাংলায় এবার একাধিক কেন্দ্রে প্রার্থী বদল করার ঘোষণা করল। দ্বিতীয় দফায় যেখানে ভোটগ্রহণ, সেখানকার সাতটি কেন্দ্রে প্রার্থী বদল করল কংগ্রেস।
বুধবার দুপুরে কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে, নাকাশিপাড়া কেন্দ্রে কংগ্রেসের নতুন প্রার্থী তাহির শেখ। এই কেন্দ্রে আগে প্রার্থী ছিলেন গোলাম কিবরিয়া মণ্ডল। চাপড়া কেন্দ্রে নতুন প্রার্থী আসিফ খান, এখানে প্রার্থী ছিলেন রহিদুল মণ্ডল। হাবড়া কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়বেন প্রণব ভট্টাচার্য। মিনাখাঁ কেন্দ্রে কংগ্রেসের নতুন প্রার্থী সুনয়না বিশ্বাস, এই কেন্দ্রে আগে প্রার্থী ছিলেন বর্ণালি নস্কর।
মন্দিরবাজার কেন্দ্রে কংগ্রেসের নতুন প্রার্থী চাঁদ সর্দার। এই কেন্দ্রে আগে প্রার্থী ছিলেন কৌশিক বৈদ্য। রায়না কেন্দ্রে কংগ্রেসের নতুন প্রার্থী পম্পা মালিক, এই কেন্দ্রে আগে প্রার্থী ছিলেন অনিক সাহা। কেতুগ্রামের নতুন প্রার্থী শেখ আবু বাক্কার, আগে প্রার্থী ছিলেন মহম্মদ মফিরুল কাশেম। আউশগ্রামে কংগ্রেসের নতুন প্রার্থী তাপস বড়াল, আগে প্রার্থী ছিলেন নিশা বড়াল।
গত সোমবার ভোটের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। নির্বাচনের প্রাক্কালে হাত শিবিরের হয়ে বাংলায় প্রচার করবেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। এছাড়া তালিকায় আছেন কেসি বেনুগোপাল, প্রিয়াঙ্কা গান্ধী, শুভঙ্কর সরকার, অশোক গেহলট, রণদীপ সিং সুরজেওয়ালা, অধীর রঞ্জন চৌধুরী, শশী থারুর, শচীন পাইলট, দীপা দাশমুন্সি, প্রদীপ ভট্টাচার্য, ঈশা খান চৌধুরী, সুদীপ রায় বর্মন, কানহাইয়া কুমার, মহম্মদ আজহারউদ্দিন সহ বাকিরা। মোট ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে হাত শিবির।
প্রসঙ্গত, এর আগে গত রবিবার ২৮৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল কংগ্রেস। এবার রাজ্যে একাই লড়ছে হাত শিবির। বহরমপুরে লড়ছেন অধীর চৌধুরী। মালদহের মালতীপুর কেন্দ্র থেকে লড়ছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর। উত্তর দিনাজপুুরের চাকুলিয়া থেকে ফের প্রার্থী করা হয়েছে আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে।
বালিগঞ্জে লড়ছেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র। ভবানীপুর থেকে লড়ছেন কংগ্রেসের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি প্রদীপ প্রসাদ। নন্দীগ্রাম আসনে কংগ্রেসের বাজি শেখ জরিয়াতুল হোসেন। রাসবিহারী কেন্দ্রে ফের প্রার্থী হয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়।
এর আগে রাজ্যের ২৮৪ আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছিল কংগ্রেস। গত বুধবার বাকি ১০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার লড়বেন শ্রীরামপুর কেন্দ্রে। এছাড়া বাকি নয় কেন্দ্রের মধ্যে আলিপুরদুয়ারে লড়বেন মৃন্ময় সরকার। ইসলামপুরে গুড্ডি রিয়াজ। গাজোলে হাত শিবিরের প্রার্থী প্রেম চৌধুরি। ফরাক্কায় লড়বেন মহম্মদ মহতাব শেখ। সাগরদিঘিতে প্রার্থী মনোজ চক্রবর্তী। বেলডাঙ্গায় লড়বেন মহম্মদ সাহারুদ্দিন শেখ। বাদুরিয়ায় হাত শিবিরের প্রার্থী কাজি আবদুর রহিম। অশোকনগরে তৃণমূলের নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে লড়বেন অংশুমান রায়। পটাশপুরে প্রার্থী প্রণব কুমার মহাপাত্র।
















