আজকাল ওয়েবডেস্ক: বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ির মালিককে থানায় জিজ্ঞাসাবাদ শুরু হল। অনলাইন বিপণন সংস্থায় বিজ্ঞাপন দিয়েই সমস্যার মুখে পড়েন ওই গাড়ির মালিক। 

 

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি শিলিগুড়ির। সিসিটিভি ফুটেজে ধরা পড়া নম্বর প্লেটকে কেন্দ্র করে গাড়ি মালিকের হদিশ পেয়েছে পুলিশ। ব্যবহৃত গাড়িতে যে নম্বর প্লেটটি রয়েছে, তদন্ত করে দেখা যায় সেটির মালিক শিলিগুড়িতে রয়েছেন। 

 

এরপরই রাতারাতি ব্যবস্থা নেয় শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার অন্তর্গত মাটিগাড়ার হালের মাথা নামক এলাকা থেকে সেই গাড়ি মালিককে রাতারাতি থানায় ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। 

 

তবে জিজ্ঞাসাবাদ শেষে জানা জায়, সেই গাড়ির মালিক গাড়িটি বিক্রির উদ্দেশ্যে অনলাইন বিপণন সংস্থায় বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই গাড়ি এখনও তাঁর বাড়িতেই রয়েছে। সেই বিজ্ঞাপন থেকেই হয়তো গাড়ির নম্বরটি চুরি করা হয়েছে। যদিও বা জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাঁকে ছেড়ে দেয়। 

 

গাড়ি মালিক উইলিয়াম যোশেফ শিলিগুড়ির বাসিন্দা হলেও বর্তমানে তিনি শিব মন্দিরে থাকেন। আরটিও মারফত যখন গাড়ির নম্বর মিলিয়ে দেখা হয় তখন শিলিগুড়ির ঠিকানা পাওয়া যায়। রাতারাতি মাটিগাড়া থানার পুলিশ উইলিয়ামকে ফোন করেন এবং তাঁকে শিলিগুড়ির কাছাকাছি কোনও একটি জায়গা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে শিলিগুড়ি প্রধান নগর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। যদিও বা উইলিয়াম তাঁর সেই গাড়ি এবং বিজ্ঞাপন সবটাই পুলিশের কাছে দেখান। পুলিশ সবটা দেখে তারপরেই উইলিয়ামকে সেখান থেকে ছাড়ে।

 

গাড়ির মালিক জোশেফ জানান, "রাতেই পুলিশ আমাকে ডেকে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ করে৷ আমি সব নথি দেখাই। তারপর তারা আমাকে ছেড়ে দেয়৷ তখনও আমি কিছুই জানতাম না৷ কেন পুলিশ জিজ্ঞাসবাদ করছে৷ পরে খবরে এই ঘটনার কথা জানতে পারি।"